অনিয়মের অভিযোগ খতিয়ে দেখবে সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারিগরি মূল্যায়নের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখবে যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে কমিটির বৈঠকে মন্ত্রণালয়কে এ-সংক্রান্ত কাগজপত্র পরবর্তী সভায় উপস্থাপন করতে বলা হয়েছে। বৈঠক শেষে কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, কারিগরি মূল্যায়নে কোনো ভুলত্রুটি রয়েছে কি না, তা যাচাই-বাছাই করতে মন্ত্রণালয়ের কাছে তথ্য চাওয়া হয়েছে। এগুলো পাওয়ার পরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকে নরসিংদীর ট্রেন দুর্ঘটনার বিষয়ে অধিকতর তদন্তের জন্য সাংসদ গোলাম মাওলাকে আহ্বায়ক করে একটি সংসদীয় উপকমিটি গঠন করা হয়।কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, নজরুল ইসলাম, মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, আবু জাহির, গোলাম মাওলা ও অপু উকিল।সভায় নরসিংদীতে রেল দুর্ঘটনা প্রসঙ্গে কমিটির সদস্য গোলাম মাওলা বলেন, ‘বৈঠকে মন্ত্রীকে বলেছি, রেল দুর্ঘটনার পর দু-একজন সাধারণ কর্মচারীকে চাকরিচ্যুত করে ন্যায়বিচার হয় না। প্রতিবেশী ভারত বা বিশ্বের উন্নত কোনো দেশে এমন দুর্ঘটনা হলে মন্ত্রী বা রেলের ডিজি পদত্যাগ করতেন। আর এখানে যারা দিন আনে দিন খায়, তেমন কর্মচারীদের চাকরিচ্যুত করা হয়েছে।’জবাবে মন্ত্রী সৈয়দ আবুল হোসেন প্রয়োজনে সংসদীয় উপকমিটি করার প্রস্তাব দেন। এরপর ওই ট্রেন দুর্ঘটনার তদন্তে একটি সংসদীয় উপকমিটি গঠন করা হয়। গোলাম মাওলাকে প্রধান করে গঠিত তিন সদস্যবিশিষ্ট এই কমিটির অন্য দুই সদস্য হলেন জিল্লুল হাকিম ও নজরুল ইসলাম। কমিটিকে আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে হবে।