অনুজ্জ্বল দিনে আলো ছড়াল কৃতীদের হাসিমুখ
সকাল থেকেই রাজধানীর আকাশে ছিল মেঘের ঘনঘটা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝরঝর বৃষ্টি। দিনের অনেকটা সময় সূর্যের মুখ দেখাই গেল না। কিন্তু অনুজ্জ্বল দিনটিতে আলো ছড়াল কৃতী ছাত্রছাত্রীদের হাসিমুখ। গতকাল বুধবার এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর সেরা কলেজগুলোয় ছিল আনন্দ-উল্লাস। এ বছর ঢাকা বোর্ডে সেরা ফল করেছে রাজউক উত্তরা মডেল কলেজ। এই কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন সরকার প্রথম আলোকে বলেন, ‘ফলের দিক থেকে আমাদের কলেজ একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। আশা করি, আমাদের ছাত্ররা দেশ গড়ার ক্ষেত্রেও দৃষ্টান্ত স্থাপন করবে।’ এই কলেজ থেকে এবার পরীক্ষা দিয়েছিলেন এক হাজার ১৭৬ জন। পাসের হার শতভাগ; জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ১০৬ জন। জিপিএ-৫ পেয়েছেন ৯৪ শতাংশ ছাত্রছাত্রী। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৮৪ শতাংশ। আলোকিত ফলের আনন্দে কলেজে এবার উৎসবের মাত্রাও যেন ছিল একটু বেশি।সেরা ১০ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় এবার চতুর্থ স্থানে রয়েছে ভিকারুননিসা নূন কলেজ। এ বছর এই কলেজে পরীক্ষার্থী ছিলেন এক হাজার ২৭১ জন, জিপিএ-৫ পেয়েছেন ৯০৪ জন। জিপিএ-৫ পাওয়া ছাত্রী আফসানা হক প্রথম আলোকে বলেন, ‘সব সময়ই ভিকারুননিসা নূন স্কুল ভালো করে আসছে। এমন ফল অপ্রত্যাশিত নয়।’ আফসানা জানালেন, প্রতিবারই কৃতী ছাত্রীরা এ দিনটিকে কেন্দ্র করে নানাভাবে তাঁদের উচ্ছ্বাস প্রকাশ করেন। এবারও বৃষ্টি উপেক্ষা করেই দুপুরের পর থেকে ছাত্রীরা একসঙ্গে জড়ো হতে থাকেন। তারপর শুরু হয় বৃষ্টিতে ভিজে গানবাজনা, আনন্দ-উল্লাস। ধারাবাহিকভাবে ভালো ফল করে আসছে এমন প্রতিষ্ঠানের তালিকায় এবারও রয়েছে নটর ডেম কলেজ। গত বছরের চেয়েও এবার এই কলেজে জিপিএ-৫ পাওয়া ছাত্রের সংখ্যা বেশি। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন এক হাজার ৫৮৭ জন, এ বছর এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৫৭ জন। কলেজের অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন কস্তা প্রথম আলোকে বলেন, ‘ছাত্রদের সুশিক্ষায় শিক্ষিত করার বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ বয়সের ছেলেরা এমনিতেই একটু চঞ্চল। ফাঁকিজুঁকি দিতে চায়। আমরা তাদের বুঝিয়ে পথে ফিরিয়ে আনি, অভিভাবকদের সঙ্গে যোগাযোগ রাখি। আর সব সময় চেষ্টা করি, পড়ালেখাটা যেন তাদের ওপর বোঝার মতো চেপে না বসে। তারা যেন আনন্দের সঙ্গে পড়ে।’ সেরা প্রতিষ্ঠানের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে রেসিডেনসিয়াল মডেল কলেজ। ৭২০ জন ছাত্রের সবাই পরীক্ষায় পাস করেছেন, জিপিএ-৫ পেয়েছেন ৫০৫ জন। এ ছাড়া পরীক্ষার ফলাফলের দিক থেকে ঢাকা সিটি কলেজ রয়েছে অষ্টম স্থানে, ন্যাশনাল আইডিয়াল কলেজ নবম স্থানে এবং এসওএস হারমেন মেইনার কলেজ দশম স্থানে।