ওষুধ প্রশাসনের অনুমতি ছাড়া কোনো ধরনের ওষুধ ও ওষুধসংক্রান্ত বা চিকিৎসাসংক্রান্ত বিজ্ঞাপন প্রচার করতে নিষেধ করেছে সরকার। গতকাল বৃহস্পতিবার তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে এই নির্দেশনা উল্লেখ করে বলা হয়েছে, ওষুধ বা চিকিৎসাসংক্রান্ত যেকোনো ধরনের বিজ্ঞাপন প্রচার করা ঔষধ (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২-এর ১৪ ধারার লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ।বিবরণীতে আরও বলা হয়েছে, কতিপয় ব্যক্তি বা প্রতিষ্ঠান লাইসেন্সিং কর্তৃপক্ষের (ড্রাগস) অনুমোদন ছাড়া ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন চ্যানেলে এবং পত্রপত্রিকায় ও সাময়িকীতে ওষুধ ও চিকিৎসাসংক্রান্ত অননুমোদিত বিজ্ঞাপন বিভিন্ন কায়দায় প্রচার করছে, যা জনসাধারণকে বিভ্রান্ত ও প্রতারণা করছে। ওষুধের আদলে সংশ্লিষ্ট মহল ফুড সাপ্লিমেন্ট, হার্বাল সাপ্লিমেন্ট, ন্যাচারাল ফুড, পুষ্টি সাপ্লিমেন্ট, এনার্জি ড্রিংকস, ভিটামিনের নামে প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচার করছে। এতে জনসাধারণের স্বাস্থ্যের ক্ষতি ও আর্থিক লোকসান হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ ও ক্ষতিকর হওয়ায় তা বন্ধ হওয়া দরকার।