অনুমোদন ছাড়া জুস আমদানি, চারজনকে জরিমানা
অনুমোদন ছাড়া ফলের জুস ও বিভিন্ন ধরনের ফাস্টফুড আমদানি ও বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানের চারজনের কাছ থেকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা করেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ের ওমেগা এক্সিম লিমিটেড নামের ওই প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করা হয়।
র্যা ব সূত্র জানায়, গতকাল বেলা তিনটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট র্যা বের ভ্রাম্যমাণ আদালত পশ্চিম আগারগাঁওয়ের ওমেগা এক্সিম লিমিটেডে অভিযান চালান। আদালত দেখতে পান, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া বিদেশ থেকে বিভিন্ন ধরনের জুস ও ফাস্টফুড আমদানি করা হয়েছে। এ কারণে আদালত দুই কোটি টাকা মূল্যের বিভিন্ন জুস ও ফাস্টফুড খাবার জব্দ করেন। আদালত প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপক রকিবুল হাসান (৪০), সহকারী ব্যবস্থাপক এস এম কামরুল হাসান (৩৬), প্রধান পরিবেশক সাইফুল ইসলাম (৩০) ও আরেকজন কর্মকর্তা জাহিদ আলমকে (৪০) আটক করেন। তাঁদের প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড, অনাদায়ে মোট সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা করেন। পরে জব্দ করা খাবার ধ্বংস করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলালউদ্দিন বলেন, দণ্ড পাওয়া ব্যক্তিরা স্বীকার করেন কয়েক বছর ধরে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া বিভিন্ন ধরনের জুস, সস ও ফাস্টফুড আমদানি করে বাজারজাত করে আসছিলেন তাঁরা। মেয়াদোত্তীর্ণ হওয়া এসব খাবারের মেয়াদের তারিখ মুছে নতুন করে উৎপাদন তারিখ লিখে দিতেন। এভাবে তাঁরা মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে আসছিলেন। এ কারণে তাঁদের সাজা দেওয়া হয়।