অনুমোদন ছাড়া ওষুধ তৈরির দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
অনুমোদন ছাড়া বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে ওষুধ ও প্রসাধনসামগ্রী তৈরির অভিযোগে গতকাল বুধবার দুই ব্যক্তিকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ওই দুই মালিকের তিনটি প্রতিষ্ঠান স্থায়ীভাবে বন্ধ (সিলগালা) করে দেওয়া হয়েছে। আর প্রচুর ওষুধ ও প্রসাধনসামগ্রী পুড়িয়ে ফেলা হয়েছে।দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মিরপুর ঔষধালয় ও জনশক্তি ঔষধালয়ের মালিক গাজী সালাউদ্দীন বাবু ও দ্বীন ইসলাম কেমিক্যালের মালিক দ্বীন ইসলাম।র্যাবের ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা এ আদালত পরিচালনা করেন। সঙ্গে ছিলেন র্যাব-৪, বিএসটিআই ও ওষুধ প্রশাসনের কর্মকর্তারা।রাসায়নিক দিয়ে ভেষজ ওষুধ: একই বাড়িতে দুটি ওষুধের কারখানা, কোনোটিরই অনুমোদন নেই। অনুমোদন ছাড়াই ‘ভেষজ ওষুধ’ তৈরি হচ্ছিল সস্তা রাসায়নিক দিয়ে। র্যাব-৪-এর সহকারী পরিচালক নুরুল আমিন জানান, গতকাল দুপুরে পল্লবীর বি ব্লকের ৪ নম্বর সড়কের ২৮ নম্বর বাড়িতে অভিযান চালানো হয়। ওই বাড়িতেই রয়েছে মিরপুর ঔষধালয় ও জনশক্তি ঔষধালয়ের কারখানা। দুটি কারখানারই কোনো অনুমোদন নেই। রাসায়নিক ব্যবহার করে এখানে তৈরি হচ্ছিল ‘ভেষজ যৌন উত্তেজক’ বড়ি ও ক্যাপসুল। কারখানা দুটি থেকে জব্দ করা প্রচুর ওষুধ পুড়িয়ে ফেলা হয়েছে। কারখানার মালিক আলাউদ্দীনের শয়নকক্ষেও ওষুধ তৈরির অনেক কাঁচামাল পাওয়া গেছে।হাইড্রোক্লোরিক এসিড দিয়ে দাঁতের মাজন: অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, তাঁরা মিরপুর ১১ নম্বরের ৫ নম্বর এভিনিউর (বেনারসি পল্লি) ২৩২ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর নকল প্রসাধন উদ্ধার করেছেন। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের লোশন, টুথপেস্ট, দাঁতের মাজন, ব্যথানাশক মলম, মাথা ঠান্ডা রাখার তেল ইত্যাদি। বিএসটিআইয়ের জাল অনুমোদন নিয়ে করাখানার মালিক দ্বীন ইসলাম প্রতিষ্ঠানটি চালাচ্ছিলেন। এখানে ইচ্ছেমতো রাসায়নিক মিশিয়ে এসব তৈরি হচ্ছিল। এসব প্রসাধনের প্রতিটিতেই ছিল বিএসটিআইয়ের অনুমোদনের চিহ্ন।র্যাবের ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা জানান, দাঁতের মাজনে হাইড্রোক্লোরিক এসিড ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এই মাজন ব্যবহারে দাঁত পরিষ্কার হলেও এটি দাঁতের স্থায়ী ক্ষতি করে। এসব কারণে কারখানার মালিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করা হয়।আমে ফরমালিন ব্যবহারে জরিমানা: এদিকে র্যাবের পৃথক এক ভ্রাম্যমাণ আদালত আমে ফরমালিন ব্যবহারের দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন। ম্যাজিস্ট্রেট সেলিম হোসেন এ আদালত পরিচালনা করেন। সঙ্গে ছিলেন র্যাব-১০ ও বিএসটিআইয়ের কর্মকর্তারা।র্যাব জানায়, আমে বিষাক্ত ফরমালিন ব্যবহারের দায়ে বাদামতলীর ইসমাইল এন্টারপ্রাইজকে সাত হাজার টাকা এবং সুমাইয়া ফ্রুট এজেন্সিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অনুমোদনহীন দই তৈরি ও বাজারজাতের অভিযোগে মতিঝিলের কৈ-পাবদা রেস্তোরাঁকে এবং বেশি দামে মালামাল বিক্রির অভিযোগে পল্টন জেনারেল স্টোরকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।