অনুমোদন ছাড়া খাদ্যপণ্য তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদনবিহীন বোতলজাত ভোজ্যতেল ও খাদ্যপণ্য তৈরির দায়ে গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুরে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুর দেড়টার দিকে ভ্রাম্যমাণ আদালত রাজধানীর মিরপুর থানার ৬ নম্বর সেকশনের বি-ব্লকের ১ নম্বর সড়কের ১৮ নম্বর বাড়ির নিচতলায় অবস্থিত জেবা ফুড প্রোডাক্টস অ্যান্ড ট্রেডিং করপোরেশন নামের প্রতিষ্ঠানে অভিযান চালান। প্রতিষ্ঠানটি বিএসটিআই থেকে পরীক্ষা-নিরীক্ষা ও লাইসেন্স গ্রহণ না করেও বিএসটিআই মানচিহ্ন ব্যবহার করে সরিষার তেল, আটা, ময়দা, জুস, মসলা, স্যালাইনসহ ২৬টি পণ্য তৈরি ও বাজারজাত করছে বলে প্রমাণ পান আদালত। প্রতিষ্ঠানের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক জেবুননেছা ইসলাম ওরফে জেবা আদালতের কাছে অপরাধের কথা স্বীকার করেন। পরে আদালত তাঁকে ১৫ দিনের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ দিনের কারাদণ্ড দেন। একই আদালত গতকাল দুপুর ১২টার দিকে মোহাম্মদপুর থানার আদাবরের রিং রোডের এফ-ব্লকে ১৯ নম্বর বাড়ির ষষ্ঠ তলায় অবস্থিত ড্রাগন ট্রেডিং করপোরেশন নামের একটি কোমল পানীয় তৈরির প্রতিষ্ঠানে অভিযান চালান। এই প্রতিষ্ঠানও বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে এবং মানচিহ্ন ব্যবহার করে ড্রাগন মিক্সড ফ্রুটস জুস এবং ড্রাগন এনার্জি ড্রিংক নামে কোমল পানীয় তৈরি ও বাজারজাত করে আসছিল। আদালত ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ও মালিক এম এ খালেকের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীনের নেতৃত্বে অভিযানে অংশ নেন বিএসটিআই, র্যাব-২ ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল।