অনুমোদনবিহীন ব্লাড ব্যাংকে অভিযান একজনের কারাদণ্ড
অনুমোদনবিহীন ব্লাড ব্যাংক চালু করে রক্ত সংগ্রহ ও বিক্রির দায়ে ইব্রাহিম হোসেন (৩২) নামের এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার রাজধানীর মগবাজারের আউটার সার্কুলার রোডে অবস্থিত ওই ব্লাড ব্যাংকে অভিযান চালানো হয়। আদালত গতকাল দুপুর একটার দিকে ৮০ নম্বর মগবাজারের সার্কুলার রোডে অবস্থিত ‘ঢাকা ব্লাড অ্যান্ড ট্রান্সফিউশন সেন্টার’ নামের প্রতিষ্ঠানে অভিযান চালান। সেখানে অনুমোদনবিহীন ব্লাড ব্যাংক চালু করে রক্ত সংগ্রহ ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অভিযোগে আদালত ওই প্রতিষ্ঠানের পরিচালক ইব্রাহিম হোসেনকে এক বছরের কারাদণ্ড ও এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন। আদালত ওই প্রতিষ্ঠান থেকে ২৩ ব্যাগ রক্ত জব্দ করেন।আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে ইব্রাহিম হোসেন জানিয়েছেন, ১০ বছর ধরে তিনি অবৈধ রক্তের ব্যবসার সঙ্গে জড়িত। তিন মাস আগে তিনি আউটার সার্কুলার রোডে ব্যবসা শুরু করেন। এই প্রতিষ্ঠানের মালিক কিরণ নামের এক গাড়িচালক। জিজ্ঞাসাবাদে ইব্রাহিম আরও জানিয়েছেন, এই প্রতিষ্ঠানে হেরোইনসেবীরা রক্ত দিয়ে থাকে। ইব্রাহিমের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার সদর উপজেলার ভালোকাঠি গ্রামে। গতকাল বিকেলে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। একই আদালত প্রথমে ৮২ আউটার সার্কুলার রোডে অবস্থিত ফাতেমা ফাউন্ডেশন নামের অপর একটি অবৈধ ব্লাড ব্যাংকে অভিযান চালান। সেখানে কোনো রক্ত পাওয়া যায়নি। তবে ওই প্রতিষ্ঠানকে সাবধান করে দেন আদালত। র্যাব-১-এর উপপরিচালক মোস্তাক আহমেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশার নেতৃত্বে পরিচালিত অভিযানে আরও সহায়তা করেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক আবুল হাসেম ও র্যাব-১-এর একটি দল।