অনুমোদনবিহীন মেলামিন ও রি-রোলিং মিলের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লাইসেন্স গ্রহণ না করে মেলামিন পণ্য উত্পাদন ও বাজারজাত করায় রাজধানীর শ্যামপুর শিল্প এলাকার তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া লাইসেন্স ছাড়াই রি-রোলিং মিল চালু করায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।গতকাল ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত রাজধানীর শ্যামপুর শিল্প এলাকার আকাশ মেলামিন কারখানায় অভিযান চালান। ওই প্রতিষ্ঠান বিএসটিআইয়ের লাইসেন্সবিহীন মেলামিন পণ্য উত্পাদন করায় আদালত প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। একই অভিযোগে সোনারগাঁও ভিআইপি মেলামিনকে ৪০ হাজার টাকা এবং কেয়া মেলামিনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।পরে আদালত একই এলাকার সালাম রি-রোলিং মিলে অভিযান চালান। ওই প্রতিষ্ঠান বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ না করে পণ্য উত্পাদন ও বাজারজাত করে আসছিল। এই অভিযোগে আদালত প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেন। একই অভিযোগে আদালত আজমাইন রি-রোলিং মিলকে ৫০ হাজার টাকা এবং কামাল রি-রোলিং মিলকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।অপর একটি আদালত রাজধানীর গ্রীন রোড, নীলক্ষেত ও কাঁটাবন এলাকার পাঁচটি খাবার তৈরির প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করেছেন।আদালত প্রথমে গ্রীন রোডের ভোজনবিলাস নামের হোটেলে অভিযান চালান। সেখানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিতরণের অভিযোগে ওই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে নীলক্ষেতের স্বপ্ন নীল নামের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ না করে মানচিহ্ন ব্যবহার করে চানাচুর প্যাকেটজাত করায় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।আদালত পরে নীলক্ষেতের লাবণী হোটেলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করেন। একই অভিযোগে ওই এলাকার আল-আমীন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা, কাঁটাবনের অষ্টব্যঞ্জন হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। অপর একটি আদালত তেজগাঁও শিল্প এলাকার বেনিয়ানসেড নামের একটি রেস্টুরেন্টে নিম্নমানের খাবার তৈরির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেন। গুলশানের পূর্ণিমা রেস্টুরেন্টে একই অভিযোগে আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেন।বিএসটিআইয়ের কর্মকর্তা ও মহানগর দাঙ্গা পুলিশের তিনটি দলের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত তিনটি পরিচালনা করেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মফিজুর রহমান, রহিমা খাতুন ও রনি চাকমা।