অনুমোদনহীন উৎপাদনের দায়ে ওষুধ কোম্পানির মালিককে কারাদণ্ড
অনুমোদনহীন ওষুধ উৎপাদন ও বিক্রির অভিযোগে গতকাল সোমবার রাজধানীর বনানীতে হোলি ড্রাগস নামের একটি প্রতিষ্ঠানের মালিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ঔষধ প্রশাসন অধিদপ্তরের প্রতিনিধিরাও ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ছিলেন। সাজাপ্রাপ্ত মালিক গিয়াসউদ্দীন খানকে (৫৮) ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।আদালত পরিচালনাকারী র্যাবের ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা বলেন, বনানীর এফ ব্লকের ৫ নম্বর সড়কে প্রতিষ্ঠানটির কার্যালয় থেকে সারা দেশে ওষুধ সরবরাহ করা হয়। গতকাল সেখানে গিয়ে ৩৭ ধরনের ওষুধ পাওয়া যায়; যার মধ্যে ১৭ ধরনের ওষুধের অনুমোদন রয়েছে, বাকি ২০ ধরনের ওষুধের কোনো অনুমোদন নেই। কিন্তু তাঁরা ভুয়া নিবন্ধন নম্বর ব্যবহার করে এসব ওষুধ বাজারজাত করছিলেন। ভুয়া নিবন্ধন ব্যবহারের অভিযোগে গত ৯ মে ঔষধ প্রশাসন হোলি ড্রাগসের নিবন্ধন বাতিল করে সব ধরনের ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধের নির্দেশ দেয়। কিন্তু এর পরও কার্যক্রম থামায়নি হোলি ড্রাগস। এরপর গতকাল বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ওষুধ ধ্বংসের নির্দেশ ও এর মালিককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।