অনুমোদনহীন ‘এতটুকু বাসা’ ভাঙা হবে রোববার

ছয়তলা বাড়িটি (বাঁয়ে) পূর্ব পাশে চারতলা আরেকটি ভবনের দিকে হেলে রয়েছে। দুই ছাদ প্রায় লেগে আছে। ২০ আগস্টছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে হেলে পড়া ছয়তলা ভবন ‘হাজী বাড়ি: এতটুকু বাসা’ নির্মাণে ছিল না রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদন। কুলুটোলার তনুগঞ্জ লেনের হেলে পড়া এই বাড়ি ১৯৯৫ সালে খাল ভরাট করে তৈরি করা হয়। বাড়িটি রোববার থেকে ভাঙা হবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

রাজউকের চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী প্রথম আলোকে বলেন, এক কাঠার কম জমিতে ভবন নির্মাণের অনুমতি দেয় না রাজউক। হেলে পড়া ভবনটি এক কাঠার কম জমিতে তৈরি করা হয়েছে। আজ (শুক্রবার) বাড়ির মালিক রাজউকের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন। তাঁকে দ্রুত সম্ভব সময়ের মধ্যে বাড়িটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া কীভাবে অনুমোদন না নিয়ে বাড়িটি তৈরি করা হলো, তা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাড়ির মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  

খাল ভরাট করে নির্মাণ করা হয় এই বাড়ি
ছবি: প্রথম আলো

আজ দুপুরে সরেজমিনে দেখা যায়, ছয়তলা বাড়িটি পূর্ব পাশে ‘প্রিয় প্রাঙ্গণ’ (হোল্ডিং ৪৮/১/এ) নামের চারতলা আরেকটি ভবনের দিকে হেলে রয়েছে। দুই ছাদ প্রায় লেগে আছে। বাড়ি দুটিতে চলাচলের জন্য সরু সড়ক রয়েছে। এই সড়কের উভয় দিক থেকে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয়দের অনেকেই উৎসুক হয়ে বাড়িটি দেখতে আসছেন। তবে নিরাপত্তা নিশ্চিতে ফায়ার সার্ভিস বা পুলিশের কাউকে এখানে দেখা যায়নি।

প্রিয় প্রাঙ্গণের মালিক মেছের আলীর ছেলে মুরাদ হোসেন অভিযোগ করেছেন, বাড়িটি প্রথমে চারতলা পর্যন্ত তৈরি করা হয়। পরে পঞ্চম তলা করা হয়। পঞ্চম তলা করার পরই কিছুটা হেলে গিয়েছিল বাড়িটি। তখনই তারা বিষয়টি লিখিতভাবে রাজউককে জানিয়েছিল। অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজউকের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছিল। কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। ষষ্ঠতলা করা হয়েছে গত বছরে।

এক কাঠার কম জমিতে ভবন নির্মাণের অনুমতি দেয় না রাজউক।
এ বি এম আমিন উল্লাহ নুরী, রাজউকের চেয়ারম্যান

জানতে চাইলে রাজউক চেয়ারম্যান জানিয়েছেন, গঠিত কমিটির তদন্তে রাজউকের কারও গাফিলতি পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৫–এর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার প্রথম আলোকে বলেন, আইন অনুযায়ী ভবনটির আশপাশের নিরাপত্তা নিশ্চিত করে এটি অপসারণ করা হবে। অপসারণের যাবতীয় খরচ বহন করবেন বাড়ির মালিক শামিম আরা।

বাড়ি দুটিতে চলাচলের জন্য সরু সড়ক রয়েছে। এই সড়কের উভয় দিক থেকে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে
ছবি: প্রথম আলো

ডিএসসিসির অঞ্চল-৫–এর উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগামীকাল শনিবার বাড়ির সব মালামাল খালি করা হবে এবং ভাঙার জন্য নিরাপত্তা সরঞ্জাম স্থাপন করা হবে। রোববার বাড়িটি ভাঙার কাজ শুরু হবে।

বৃহস্পতিবার রাতে ডিএসসিসির কর্মকর্তারা প্রথম আলোকে জানিয়েছিলেন, গত বুধবার রাতে ভবনটি অল্প হেলে পড়ে। এরপর বৃহস্পতিবার সকালে আরও একটু কাত হয়ে পড়ে। তখন সিটি করপোরেশনের কর্মকর্তারা ভবনটি পরিদর্শনে যান। বিকেল সোয়া পাঁচটার দিকে ভবনটি আরও হেলে পড়ে। এ সময় ভবনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।