অনুমোদনহীন ও ভেজাল পণ্যউত্পাদন করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিজয়নগর এলাকার ‘দিঘী ড্রিঙ্কিং ওয়াটার’ নামের একটি সুপেয় পানি প্রক্রিয়াকরণ কারখানায় গতকাল বুধবার অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেন আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীনের নেতৃত্বে এই অভিযান চলে। আদালত জানান, সুপেয় পানিতে ক্ষারকীয় অংশ ৬ দশমিক ৪ থেকে ৭ দশমিক ৪ থাকার কথা। কিন্তু ওই প্রতিষ্ঠানের পানিতে ৭ দশমিক ৭ ক্ষারকীয় অংশ পাওয়া যায়। এ ছাড়া পানির জারে লেবেল ব্যবহার না করায় আদালত তাদের জরিমানা করেন। একই আদালত রাজধানীর সবুজবাগ থানার বাসাবো এলাকার মেসার্স সালাম ডেইরি ফার্ম নামের প্রতিষ্ঠানে অভিযান চালায়। ওই প্রতিষ্ঠান অনুমোদনবিহীন পাস্তুরিত তরল দুধ তৈরি ও বাজারজাত করে বলে খবর পান আদালত। কিন্তু আদালত দুধ তৈরির কোনো আলামত পাননি। এ ছাড়া সেখান তৈরি মিষ্টিসহ অন্যান্য পণ্য তৈরিতেও কোনো ত্রুটি খুঁজে পাননি আদালত। তবে ওই প্রতিষ্ঠানের তৈরি করা বিস্কুট, দই, কেক ও চানাচুরে বিএসটিআইয়ের কোনো লাইসেন্স না থাকায় আদালত ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেন। এ ছাড়া পাউরুটিতে মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ না থাকায় তাদের সতর্ক করা হয়। প্রতিষ্ঠানের একজন ব্যবস্থাপক নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিস্কুট, কেক, দই ও চানাচুর শোরুমে বিক্রি হয় বলে এসবের লাইসেন্স নেওয়া হয়নি। তবে রুটি তৈরিতে বিএসটিআইয়ের লাইসেন্স ছিল। কিন্তু ভুলক্রমে সংশ্লিষ্ট ব্যক্তিরা উত্পাদন ও মেয়াদোত্তীর্ণ সিল ব্যবহার করেননি।