অনুমোদনহীন খাদ্যদ্রব্য বিক্রির দায়ে দুজনের দণ্ড পাঁচ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে নিম্নমানের খাদ্যদ্রব্য তৈরি ও বিক্রির অপরাধে রাজধানীর দক্ষিণখানে তিনটি প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং আরও দুটি প্রতিষ্ঠানের দুজনকে কারাদণ্ড দিয়েছেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ এ দণ্ড দেন।
জরিমানা পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো উত্তরা ফুডস প্রোডাক্টস, পুটি বেকারি অ্যান্ড কনফেশনারি ও হাবিব বেকারি। এ ছাড়া কারাদণ্ড পাওয়া দুজন হলেন চাঁদনী ব্রেড অ্যান্ড কনফেকশনারির মালিক মোহাম্মদ আলী এবং সম্রাট বেকারির মালিক মজিবর রহমান।
র্যা ব জানায়, র্যা ব-১-এর একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে বেকারিগুলোতে অনুমোদন না নিয়েই বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করে বিস্কুট, চানাচুর ও অন্যন্য খাদ্যদ্রব্য তৈরি ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে উত্তরা ফুডস প্রোডাক্টস, পুটি বেকারি অ্যান্ড কনফেশনারিকে দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকা এবং হাবিব বেকারিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই অপরাধে মোহাম্মদ আলীকে তিন মাস ও মজিবর রহমানকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়।