অনুমোদিত ক্যাম্পাস দেখে ভর্তির পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন ছাড়া বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নামে ঢাকা শহরের বিভিন্ন স্থানে অবৈধ ক্যাম্পাস পরিচালিত হচ্ছে। এ জন্য অনুমোদিত ক্যাম্পাস দেখে ও যাচাই করে ভর্তি হওয়ার জন্য ইউজিসির পক্ষ থেকে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়েছে।গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে ইউজিসি এই পরামর্শ দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাইম ইউনিভার্সিটির উত্তরার ক্যাম্পাস (৪২, রবীন্দ্র সরণি, সেক্টর-৭, উত্তরা, ঢাকা) ইউজিসির অনুমোদন নেই। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ উত্তরার অননুমোদিত ক্যাম্পাসটি বন্ধ করা হয়েছে মর্মে ইউজিসিকে চিঠি দিয়ে অবহিত করেছে ও বিভিন্ন জাতীয় দৈনিকে এ মর্মে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। প্রাইম ইউনিভার্সিটির মিরপুরের ক্যাম্পাসটি (২এ/১, নর্থইস্ট অব দারুস সালাম রোড, সেকশন-১, মিরপুর, ঢাকা) অনুমোদিত একমাত্র ক্যাম্পাস। অন্যদিকে দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের মোহাম্মদপুরের মূল ক্যাম্পাস (৩/২, আসাদ এভিনিউ, মোহাম্মদপুর, ঢাকা) ও উত্তরার টেক্সটাইল বিভাগ (১০৩, হোসেন টাওয়ার, সেক্টর-৭, ময়মনসিংহ সড়ক, উত্তরা, ঢাকা) ক্যাম্পাস দুটি অনুমোদিত। ইউনিভার্সিটির কর্তৃপক্ষ ইউজিসিকে চিঠি দিয়ে নিশ্চিত করেছে যে ওই ক্যাম্পাস দুটি ছাড়া দেশের আর কোথাও তাদের কোনো ক্যাম্পাস বা আউটার ক্যাম্পাস নেই। এই দুটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত বৈধ ক্যাম্পাস ছাড়া ঢাকা শহরের বিভিন্ন স্থানে অবৈধভাবে পরিচালিত অননুমোদিত ক্যাম্পসমূহে ভর্তি না হওয়ার জন্য সংশ্লিষ্ট ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের ইউজিসির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।