টিআইবির পুরস্কার প্রদান অনুষ্ঠানে আলোচকেরা
অনুসন্ধানী সাংবাদিকতার জন্য সততা, নিষ্ঠা ও পরিশ্রম জরুরি
অনুসন্ধানী সাংবাদিকতার জন্য সততা, নিষ্ঠা ও পরিশ্রম খুবই জরুরি। এর পাশাপাশি পেশার প্রতি ভালোবাসা থাকতে হবে। এ ছাড়া দক্ষতা বাড়াতে দরকার প্রশিক্ষণ।গতকাল মঙ্গলবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘অনুসন্ধানী সাংবাদিকতা: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার-২০১২ উপলক্ষে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে এই আলোচনা সভার আয়োজন করে টিআইবি।আলোচনা সভার সভাপতি ও টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল বলেন, পেশার প্রতি ভালোবাসা ও নিষ্ঠা না থাকলে পেশাদার সাংবাদিক হওয়া সম্ভব নয়। তিনি বলেন, জনপ্রতিনিধিরা যেমন নির্বাচিত হয়ে দেশ শাসন করেন, তেমনি একটি গণমাধ্যম প্রতিদিন পাঠক বা দর্শকের ভোটে নির্বাচিত হয়। সততা, যোগ্যতা ও দক্ষতা কাজে লাগিয়ে সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকেরা আরও বেশি ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা।রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, এ দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সাংবাদিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার রক্ষায় সাংবাদিকদের ভূমিকাও অনেক। অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে এ দেশের সাংবাদিকতার মান ও গ্রহণযোগ্যতা আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে অসংখ্য মামলা হয়েছে, অপপ্রচার হয়েছে। অনেকে হুমকি দিয়েছেন। কিন্তু আমি কখনো চাপ অনুভব করি না। আমি মনে করি, এগুলোই স্বাভাবিক। কারণ সরকারের সঙ্গে মিলেমিশে গেলে সাংবাদিকতা হয় না।’মতিউর রহমান আরও বলেন, সংবাদপত্রকে স্বাধীনভাবে চলতে হবে। নিজের আয়ে স্বাধীনভাবে চলতে না পারলে মালিক চাপ দেবেন, আয় না থাকলে সাংবাদিকেরা বেতন না পেলে অসৎ কাজে জড়িয়ে পড়বেন। কাজেই পাঠক বা দর্শক বাড়িয়ে আয় বাড়াতে হবে।টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশের গণমাধ্যমকর্মীরা তাঁদের সংবাদের মাধ্যমে এ দেশের বিভিন্ন দুর্নীতি তুলে ধরে সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করছেন। আর সে কারণেই ১৯৯৯ সাল থেকে টিআইবি তাঁদের পুরস্কৃত করে আসছে।বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল বলেন, অনুসন্ধানী সাংবাদিকতাই সত্যিকারের সাংবাদিকতা। এ ধরনের সাংবাদিকতা করতে গিয়ে এ দেশে অনেকেই প্রাণ দিয়েছেন। তাঁদের হত্যার বিচার পর্যন্ত হয়নি। তিনি আরও বলেন, ‘আমাদের দেশে সংবাদমাধ্যমগুলোতে সম্পাদকীয় প্রতিষ্ঠানের দৃঢ়তার প্রচণ্ড অভাব রয়েছে।’ তাঁর মতে, এর মধ্যেও তরুণ সাংবাদিকেরা চেষ্টা করে যাচ্ছেন।এ বছর যাঁরা পুরস্কার পেলেন: এ বছর অনুসন্ধানী সাংবাদিকতায় প্রিন্ট মিডিয়ার জাতীয় বিভাগে পুরস্কার পেয়েছেন দৈনিক সকালের খবর-এর প্রতিবেদক বকুল আহমেদ। যুগান্তর-এ কর্মরত থাকা অবস্থায় প্রকাশিত ‘দুর্নীতির সাজানো বাগান বিআরটিএ’ শিরোনামে প্রকাশিত ধারাবাহিক প্রতিবেদনের জন্য তিনি এই পুরস্কার পান।প্রিন্ট মিডিয়ায় আঞ্চলিক বিভাগে বিজয়ী হয়েছেন চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক ইলেশপাড়-এর প্রধান প্রতিবেদক রেজাউল করিম। তাঁর প্রতিবেদনের শিরোনাম ‘সরেজমিন চাঁদপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল’। ইলেকট্রনিক মিডিয়া বিভাগে বিজয়ী হয়েছেন বর্তমানে একাত্তর টিভিতে কর্মরত প্রতিবেদক হোসেন সোহেল। এটিএন নিউজে থাকা অবস্থায় ‘সুন্দরবন ও টাইগার’ শিরোনামে তিনি সাতটি ধারাবাহিক প্রতিবেদন করেন। একই প্রতিবেদনে ক্যামেরায় সাহসী সহযোগিতার জন্য বর্তমানে চ্যানেল ২৪-এ কর্মরত কৃষ্ণ সরকার পুরস্কৃত হয়েছেন।বিজয়ী তিন প্রতিবেদককেই সম্মাননাপত্র, ক্রেস্ট ও ৮০ হাজার টাকা করে এবং ক্যামেরাম্যানকে ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়।