অন্ধকার সময়ে বাতিঘর হিসেবে আবির্ভূত হন বেগম রোকেয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোকেয়া পাঠ আধুনিক সমাজ গঠনে প্রণোদনা দেয়। চিন্তার গভীরতা ও দার্শনিক ব্যাপ্তির কারণে তাঁর নাম অনায়াসে রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর প্রমুখ মনীষীর কাতারে চলে আসে। তিনি অন্ধকার সময়ে বাতিঘর হিসেবে আবির্ভূত হয়েছিলেন। রোকেয়া দিবস উপলক্ষে গতকাল রোববার বাংলা একাডেমী আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে মূল বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সোনিয়া নিশাত আমিন। অনুষ্ঠানে বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, বেগম রোকেয়া শুধু নারীমুক্তি আন্দোলনের পুরোধাই নন, বরং চিন্তার প্রাগ্রসরতায় বাংলার একজন শ্রেষ্ঠ বুদ্ধিজীবীও বটে। মূল বক্তৃতায় অধ্যাপক সোনিয়া নিশাত আমিন বলেন, রোকেয়া রচনা পুনঃপাঠের দাবি রাখে, কারণ, সাহিত্যিক মূল্যের পাশাপাশি তাঁর রচনার সমাজ-রাজনৈতিক প্রেক্ষাপটও সমান তাৎপর্যপূর্ণ। চিন্তার গভীরতা ও দার্শনিক ব্যাপ্তির কারণে তাঁর নাম অনায়াসে রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর প্রমুখ মনীষীর কাতারে চলে আসে। সভাপতির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ আবদুল কাইউম বলেন, রোকেয়া ছিলেন পথিকৃৎ সাহিত্যসাধক ও সমাজসংস্কারক। তিনি বিশ্বাস করতেন, নারীশিক্ষা ব্যতীত নারীমুক্তি অসম্ভব। সমকালীন সমাজের ভ্রুকুটি উপেক্ষা করে তিনি তাঁর লক্ষ্যে অবিচল ছিলেন। অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত শিক্ষাবিদ অধ্যাপক খান সারওয়ার মুরশিদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।এদিকে রোকেয়া দিবস উদ্যাপন উপলক্ষে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, রোকেয়া হলের প্রভোস্ট অধ্যাপক নাজমা শাহীনসহ শিক্ষার্থীরা অংশ নেন।এদিকে আশুলিয়ায় শতাধিক পোশাকশ্রমিকের পুড়ে মরার ঘটনার বিচার ও নারীর ওপর সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে দিবস পালন করেছে বিপ্লবী নারী সংহতি। দিবসটি পালনের অংশ হিসেবে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের রোকেয়া ভাস্কর্যের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটি। এরপর হলের সামনে মিছিল ও সমাবেশ করে তারা। সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে দেশে নারীর ওপর যৌন নিপীড়ন, ধর্ষণ ও সহিংসতা বেড়েছে। বিচার না পেয়ে ভুক্তভোগীরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। সস্তা শ্রমিক হিসেবে দেশে পোশাক কারখানায় কর্মরত নারীদের অবস্থা খুবই সঙিন। সমাবেশে বিপ্লবী নারী সংহতির সমন্বয়ক শ্যামলী শীল, সহ-সমন্বয়ক তাসলিমা আখতার, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।