অন্ধত্ব পরিস্থিতি জানতে নতুন জরিপ প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্ধত্ব পরিস্থিতি সম্পর্কে জানতে দেশে নতুন জরিপ প্রয়োজন বলে মনে করেন চক্ষুবিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, দেশে স্বাভাবিক মাত্রার চেয়ে বেশিসংখ্যক মানুষ অন্ধত্বের শিকার হচ্ছেন।সর্বশেষ এক যুগ আগে ২০০০ সালে দৃষ্টিশক্তি হারানো মানুষের সংখ্যা জানতে জরিপ হয়েছিল। ওই জরিপ অনুযায়ী, সে সময় শুধু চোখে ছানি পড়া রোগের কারণেই দেশের সাড়ে সাত লাখ মানুষ অন্ধত্বে ভুগছিল।গতকাল বৃহস্পতিবার ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার আয়োজিত এক গোলটেবিল বৈঠকে চক্ষুবিশেষজ্ঞরা এসব কথা বলেন। বৈঠকটির শিরোনাম ছিল ‘শেয়ারিং সেশন অন ঢাকা আরবান আই হেলথ: এক্সপেরিয়েন্স অব ডিইউসিইসিপি।’বৈঠকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক দ্বীন মো. নূরুল হক বলেন, গত কয়েক বছরে চোখে ছানি পড়ার কারণে নতুন করে অন্ধত্বের শিকার হয়েছে অনেক মানুষ। তিনি জানান, সরকারের ন্যাশনাল আই কেয়ার কর্মসূচির আওতায় দেখা গেছে, দেশে অন্ধত্বের শিকার মানুষের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। এ জন্য প্রকৃত পরিস্থিতি বুঝতে নতুন করে জরিপ হওয়া দরকার। ডেইলি স্টার পত্রিকার সম্পাদক ও ডিইউসিইসিপির (ঢাকা আরবান কম্প্রিহেনসিভ আই কেয়ার প্রজেক্ট) পরামর্শক কমিটির অনারারি চেয়ার মাহ্ফুজ আনাম বলেন, ‘বাংলাদেশে অনেক সমস্যা, অনেক চ্যালেঞ্জ। কিন্তু দুঃখটা তীব্র হয় যখন আয়ত্তের মধ্যে থাকা সমস্যার সমাধান হয় না। চোখে ছানি পড়া হচ্ছে সে রকমই একটি সমস্যা।’ ডিইউসিইসিপির প্রকল্প সমন্বয়ক এম নুরুন্নবী জানান, বর্তমানে শুধু ঢাকা শহরে প্রায় ৫৯ হাজার প্রাপ্তবয়স্ক মানুষ ও এক হাজার ৪০০ জন শিশু চোখে ছানি পড়ার কারণে কিছু দেখতে পায় না। তিনি বলেন, বস্তি এলাকার মানুষ চোখের সমস্যায় বেশি ভোগেন। স্বাগত বক্তব্য দেন ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউটের পরিচালক ও ডিইউসিইসিপির বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান জাহেদা ইস্পাহানি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ সানিজদা খানম, আসাদুজ্জামান খান কামাল, সাবেক হুইপ খালেদা খানম প্রমুখ।