অন্য শহরগুলো শক্তিশালী না হলে ঢাকা টেকসই হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকা নানামুখী চাপ ও বহুবিধ সমস্যায় জর্জরিত। এসব চাপ ও সমস্যা থেকে ঢাকাকে মুক্ত করতে হলে দেশের অন্যান্য শহরকে শক্তিশালী করতে হবে। না হলে ঢাকাকে স্থিতিশীল ও টেকসই করা যাবে না।নগরায়ণ বিষয়ে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেছেন। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির হীরকজয়ন্তী উদ্যাপন উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করা হয়।তিন পর্বে দিনব্যাপী অনুষ্ঠিত এই সেমিনারে তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক কমিশনার (পরিকল্পনা) বিজয় রিজবুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নুরুল ইসলাম নাজেম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক এ কে এম আবুল কালাম।বিজয় রিজবুদ একটি পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে দিল্লির বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার তথ্য তুলে ধরেন। এই পর্বের সভাপতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, দিল্লির বিভিন্ন ইতিবাচক অভিজ্ঞতা নিয়ে ঢাকাকে আরও উন্নত করে গড়ে তোলা সম্ভব।নুরুল ইসলাম বলেন, রাজধানী ঢাকার ওপর এখন অনেক বেশি চাপ পড়ছে। এই চাপ কমাতে হলে আঞ্চলিক শহরগুলোকে আরও শক্তিশালী করতে হবে। সেখানে বিনিয়োগ বাড়াতে হবে। বিনিয়োগ বাড়ানোর জন্য অবকাঠামোগত সুযোগ-সুবিধা বাড়াতে হবে। আঞ্চলিক শহরগুলোর পরিচালনব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে।তৃতীয় পর্বের সভাপতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক সারোয়ার জাহান দিল্লি ও ঢাকা সিটি করপোরেশনের বিভক্তির কথা উল্লেখ করে বলেন, দিল্লিতে মুখ্যমন্ত্রী আছেন। সেখানে সরকারই আসল কর্তৃপক্ষ। সেখানে মেয়র নির্বাচনের মাধ্যমে হন না। একটা নির্দিষ্ট সময়ের জন্য মেয়র মনোনয়ন দেওয়া হয়, কিন্তু ঢাকা সে রকম নয়। এখানে নগর কর্তৃপক্ষই ভাগ করে ফেলা হয়েছে।সেমিনারে আরও বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ গোলাম মুর্তজা, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আলী আশরাফ, বেসরকারি আবাসন কোম্পানি শেলেটকের ব্যবস্থাপনা পরিচালক তৌফিক এম সেরাজ, সেন্টার ফর আরবান স্টাডিজের সালমা এ শফি, স্থপতি তানভীর নেওয়াজ, রাজউকের সদস্য (পরিকল্পনা) শেখ আব্দুল মান্নান প্রমুখ।