অন্য হরতালের তুলনায় ঢাকায় বাস চলেছে বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট ও ইসলামী ছাত্রশিবিরের ডাকা গতকাল মঙ্গলবারের সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে রাজধানী ও এর আশপাশে অনেক যানবাহন চলাচল করেছে। যা ছিল সাম্প্রতিক অন্যান্য হরতালের তুলনায় বেশি। তবে দূরপাল্লার বাস চলেনি। গাড়ির সংখ্যা কম থাকায় ছিল না চিরচেনা যানজট।সকালে স্বাভাবিকের তুলনায় বাস কম চলায় দুর্ভোগে পড়তে হয় ঢাকাবাসীকে। বিশেষ করে অফিসগামী লোকজনকে। রিকশা, রিকশা ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার ওপর ভরসা করতে হয়েছে অনেককে। প্রায় ফাঁকা প্রধান সড়কগুলোতে চলেছে প্রচুর রিকশা। অফিস শেষে বিকেলে ঘরমুখো লোকজনও কিছুটা যানবাহন সংকটে পড়ে।সকালে মিরপুরের কাজীপাড়া বাসস্ট্যান্ডে দেখা গেছে, সরকারি পরিবহন সংস্থা বিআরটিসির বাসসহ বেসরকারি কোম্পানির সাত-আটটি বাস-মিনিবাস দাঁড়িয়ে আছে। পাঁচ মিনিটের মধ্যেই বাসগুলো যাত্রীতে ভরে যায়। সেখানে সকাল সাড়ে নয়টায় বাসের জন্য অপেক্ষায় থাকা মাহবুবুল আলম বলেন, হরতালের দিন হলেও বাসে আসন পাওয়া যাচ্ছে না। বাস-মিনিবাস কম থাকার সুযোগ নিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করেন অটোরিকশা ও রিকশাচালকেরা। অথচ ফাঁকা রাস্তায় সময় লেগেছে অনেক কম। বিকেল চারটার দিকে তোপখানা রোডে এসে অটোরিকশা থেকে নামেন মুদ্রণ ব্যবসায়ী আমান উল্লাহ। তিনি জানান, মোহাম্মদপুর থেকে তোপখানা পর্যন্ত তাঁর কাছ থেকে ২৫০ টাকা ভাড়া নেওয়া হলো। অথচ যানজট না থাকায় ২৫ মিনিটেই চলে এসেছেন।বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মতিঝিল-মিরপুর পথে চলাচলকারী বিকল্প অটো বাস সার্ভিসের চালক বোরহান উদ্দিন বলেন, গাড়ি ভাঙচুর বা পোড়ানোর ঘটনা ঘটে আগের রাতে কিংবা হরতালের দিন সকালে। এ সময়টুকুতে সতর্ক হয়ে চালাতে হয়। সারা দিন আর সমস্যা হয় না।