ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, দিন দিন জমি কমছে। এখন কাউকে সরকারিভাবে জমি বরাদ্দ দিতে চাইলে অন্য কাউকে বঞ্চিত করতে হয়। তখন জমি হারিয়ে মানুষ বিদ্রোহ করে, যেমনটি হয়েছে রূপগঞ্জে।গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও সমিতির ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।অনুষ্ঠানে ডিআরইউ ও সমিতির নেতারা সংগঠনের বর্তমান কার্যালয়ের জায়গাটি ডিআরইউর নামে বরাদ্দ দেওয়া ও সমিতির সদস্য সাংবাদিকদের আবাসনের জন্য জমি বরাদ্দ দেওয়ার দাবি জানান।এ দাবি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনাদের দাবি অত্যন্ত যৌক্তিক। সেনাবাহিনী, আইনজীবী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ জমি চাইছে।’ তিনি সাংবাদিকদের এ দাবি পূরণে যথাযথ সহায়তা প্রদানের আশ্বাস দেন।প্রতিমন্ত্রী বলেন, প্রতিবছর যাঁরা সরকারে আসেন, তাঁরাই জমি বরাদ্দ দেন। বরাদ্দ দিতে দিতে এমন অবস্থা হয়েছে, এখন আর বরাদ্দ দেওয়ার কোনো জমি নেই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মাহমুদুর রহমান। অন্যান্যের মধ্যে দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, সাংবাদিকদের মধ্যে আলমগীর হোসেন, শামীম আহমেদ, পথিক সাহা, মোস্তফা হোসেন চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।