‘অন্যদের সঙ্গে মরি নাই, এইটুকুই সান্ত্বনা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পায়ের এক্স-রে রিপোর্ট হাতে ইলিয়াছ ভূঁইয়া
ছবি: লেখক

ইলিয়াছ ভূঁইয়ার এক পায়ে অস্ত্রোপচার হয়েছে। ওই পায়ের ভেতরে আছে চারটি স্ক্রু ঢোকানো। আরেক পা লোহার শিক ঢুকিয়ে বিছানার সঙ্গে বেঁধে রাখা হয়েছে। এ পায়েও অস্ত্রোপচার হবে। ইলিয়াছ ভূঁইয়া আবার কবে দুই পায়ে দাঁড়াতে পারবেন, তা জানেন না। গত ৮ জানুয়ারির পর বিছানা থেকে নিজে নিজে কোমরও তুলতে পারছেন না। বললেন, ‘অন্যদের সঙ্গে মরি নাই, শুধু এইটুকুই সান্ত্বনা।’

গত বৃহস্পতিবার রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) বিছানায় শুয়ে কথাগুলো বললেন ইলিয়াছ। দুই পায়ে ভর দিয়ে উঠে দাঁড়াতে না পারলে স্ত্রী ও দুই সন্তানের মুখে খাবার তুলে দেওয়াই তাঁর জন্য কঠিন হয়ে যাবে।

দীর্ঘ মেয়াদে চিকিৎসার খরচ কোথা থেকে পাবেন, সে দুশ্চিন্তার ছাপ তাঁর দুই চোখে।
গত ৮ জানুয়ারি ইলিয়াছ কুমিল্লায় নিজের বাড়ি থেকে ফিরছিলেন। বাস থেকে নেমে সকাল সাড়ে নয়টার দিকে রাস্তা পার হচ্ছিলেন। রাস্তা পার হতে গিয়ে একসময় নিজেকে আবিষ্কার করেন তিনি আরেকটি বাসের নিচে ঢুকে গেছেন। বললেন, হুট করে ঘটনাটি ঘটে। বাসের নিচে পাশের দুজনকে ভাই ভাই বলে ডেকেও কোনো সাড়া পাননি তাঁদের কাছ থেকে। এর মধ্যেই একজন এসে এই দুজনের পকেট হাতড়ে মোবাইল দুটো নিয়ে গেল। আর বাইরে থেকে মানুষজন বলাবলি করছিলেন, বাসের নিচে যারা, তারা মনে হয় মারা গেছে।

ওই দিন রাজধানীর গুলিস্তানের মুরগিপট্টি এলাকায় মেয়র হানিফ উড়ালসড়কের টোল প্লাজার কাছে মেঘলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ (ব্রেক ফেল) হারিয়ে পথচারীদের চাপা দেয়। এতে দুজন মারা যান। ইলিয়াছসহ সে ঘটনায় বেশ কয়েকজন আহত হন। ইলিয়াছের অবস্থা ছিল গুরুতর।

ইলিয়াছ ভূঁইয়া বলেন, ‘আমার হাত ও মাথা দিয়ে রক্ত পড়ছে। দুই পায়ের হাঁটুর আরও ওপর দিয়ে বাসের চাকা চলে গেছে। দুই পা নাড়াতেও পারি না। শুধু দুই হাত নেড়ে ইশারা করলাম যে আমি মরি নাই। তখন কেউ একজন বুঝতে পারে আমার কথা। তিনিসহ কয়েকজন মিলে গাড়ির নিচ থেকে টেনে বের করেন।’

দুর্ঘটনাস্থলের কাছেই ইলিয়াছ নবাবপুর চিশতিয়া ইলেকট্রিক মার্কেটে কাজ করেন। ইলিয়াছ জানান, রাস্তা পার হওয়ার সময় তাঁর সামনে আরও মানুষ ছিলেন। বাসটা সবাইকে ধাক্কায় নিয়ে আসছিল। দৌড় দিলেও শেষ রক্ষা হয়নি। ঘটনার পর কেউ একজন তাঁকে রাস্তার অন্য পারে পৌঁছে দেন। সেখানে এক ভ্যানচালক ইলিয়াছকে চিনতে পারেন। ভ্যানচালকই প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে পঙ্গু হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা।

ইলিয়াছ ইলেকট্রিক দোকানে ক্রেতাদের মালামাল বেঁধে গাড়িতে তুলে দেওয়াসহ বিভিন্ন কাজ করেন। মাসে বেতন পেতেন প্রায় ৯ হাজার টাকা। এ টাকা দিয়েই ঢাকা শহরে নিজের এবং বাড়িতে থাকা স্ত্রী কামরুন নাহার ও দুই সন্তানের সংসার চালাতেন ইলিয়াছ। এ দম্পতির এক ছেলে চতুর্থ শ্রেণিতে পড়ে। আর মেয়েটিকে (প্লে গ্রুপ) এবারই স্কুলে ভর্তি করানোর কথা ছিল। চিকিৎসার খরচের কথা চিন্তা করে মেয়ের স্কুলে ভর্তি বাতিল করতে হয়েছে। হাসপাতালে ভর্তির পর থেকে সন্তানদের স্বজনদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। হাসপাতালে থাকছেন তাঁর স্ত্রী কামরুন নাহার।

ইলিয়াছ জানান, এক পায়ে অস্ত্রোপচারসহ এ পর্যন্ত চিকিৎসায় ৫০ থেকে ৫৫ হাজার টাকা খরচ হয়েছে। তিনি কাজ করেন এক আত্মীয়ের কোম্পানিতে। সেখান থেকে ৩০ হাজার টাকা পেয়েছেন। করোনায় কোম্পানির নিজেরই বেচাকেনা কম। এ ছাড়া স্ত্রীর এক ভাই বিদেশে থাকেন, তিনি ১০ হাজার টাকা পাঠিয়েছেন। এভাবেই আত্মীয়-বন্ধুদের দেওয়া টাকায় এখন পর্যন্ত খরচ সামলাচ্ছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, এখন যে পায়ে অস্ত্রোপচার করতে হবে, তার অবস্থা আরও জটিল। তাই খরচও বেশি হবে। সব মিলে হাতে এখন ১০ হাজার টাকাও নেই।

ইলিয়াছ বলেন, ‘সেই দিনের ঘটনার পর রাতে দুশ্চিন্তায় দুই চোখের পাতা এক করতে পারি না। আমার জন্য স্ত্রীও ঘুমাইতে পারে না। আমার বাবা ছোটবেলায় মারা গেছেন। মা-ও নেই। পাঁচ বোনের অবস্থা ভালোই। তবে আমার বলতে গেলে বাড়িভিটা ও অল্প কিছু জমি আছে। এখন সংসার কেমনে চলব বা চিকিৎসা কেমনে চলবে, তা জানি না।’
ইলিয়াছ এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন। তাঁর স্ত্রী কামরুন নাহারের পড়াশোনা অষ্টম শ্রেণি পর্যন্ত। নবম শ্রেণিতে পড়া অবস্থায় ১২ বছর আগে বিয়ে হয়েছিল এ দম্পতির।

ইলিয়াছ ভূঁইয়া আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন
ছবি: লেখক

ইলিয়াছ বলেন, হাসপাতালের চিকিৎসাসেবা ভালোই পাওয়া যাচ্ছে। তবে ওষুধ ও পায়ের জন্য বিভিন্ন যন্ত্রপাতি কিনে দিতে হয়েছে। হাসপাতাল থেকে যে খাবার দেওয়া হয়, তা তিনি বা তাঁর স্ত্রী খেতে পারেন না। ঢাকায় থাকা বোন খাবার পাঠান। হাসপাতালে পায়ের ড্রেসিং থেকে শুরু করে প্রতি পদে হাসপাতালের কর্মচারীদের বকশিশ ১০০ বা ২০০ টাকা দিতে হয়। অন্য রোগীরা দেন, তাই তিনিও বাধ্য এটি দিতে।

গত ৮ জানুয়ারি মেঘলা পরিবহনের বাসটির চালক ও তাঁর সহকারী ঘটনার পর পালিয়ে গিয়েছিলেন। তবে ওই দিন রাতেই র‌্যাব বাসের চালক রাকিব শরীফকে গ্রেপ্তার করে। পরে সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, রাকিব আগে বাসের সহকারী ছিলেন। হালকা মোটরযান চালানোর লাইসেন্স দিয়েই তিনি বাস চালাতেন। রাকিব দৈনিক মালিককে দিতেন ২ হাজার ২৫০ টাকা। তেল খরচ, সহকারীর বেতনসহ অন্যান্য খরচ তুলতে দ্রুত ও বেপরোয়াভাবে বাস চালাতেন তিনি।

১৯৮৬ সালে জন্ম নেওয়া ইলিয়াছ আক্ষেপ করে বলেন, ‘জীবিত আছি, এইটুকুই আশার কথা। এর বাইরে আর তো কোনো আশা দেখি না। আমার যে ক্ষতি হইছে, তার ক্ষতিপূরণ কে দিবে বা দিবে কি না, তা-ও জানি না। মামলা করতে গেলে তো আরও খরচ বাড়বে। জমি যেইটুকু আছে, ওইটুকুও বেচা লাগব। আমার বউ-বাচ্চা খাবে কী তখন?’