অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিতৃতান্ত্রিক সমাজ, অগণতান্ত্রিক সমাজব্যবস্থাসহ বিভিন্ন অনিয়ম ও অন্যায় নীতির বিরুদ্ধে কথা বলতে হবে। একইভাবে মানবাধিকার, শান্তি, গণতন্ত্র, টেকসই জীবিকাসহ নানা অধিকার ও দাবি-দাওয়া আদায়ে সোচ্চার হতে হবে। কথাগুলো বলেছেন দক্ষিণ এশিয়ার নারীবাদী সংগঠনের নেত্রীরা। সংগঠনগুলোর নেটওয়ার্ক সাংগাতের ২৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় নেত্রীরা একত্র হয়েছিলেন। এ আয়োজনে নিজেরা করিসহ বিভিন্ন সংগঠন সহায়তা করে। নারীবাদী সক্ষমতা সৃষ্টির জন্য প্রশিক্ষণ কোর্স এবং সুশীল সমাজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারির ভিত্তিতে সাংগাত কাজ করে চলছে।গতকাল এ অনুষ্ঠানে ‘মিতো স্মারক পদক’ তুলে দেওয়া হয় পাকিস্তানের তৃণমূল বিপ্লবী নারী সংগঠক আকিলা নাজের হাতে। কৃষক নারীদের সংগঠিত করে আকিলা নাজ সরকারের কাছ থেকে বিভিন্ন দাবি-দাওয়া আদায় করেছেন। এ পদক তুলে দেন গতবারের পদকপ্রাপ্ত বাংলাদেশের গায়িকা আনুশেহ আনাদিল।পুরস্কার পাওয়া আকিলা নাজ উর্দু ভাষায় সাংগাতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর সংগ্রামের কাহিনি সবার সামনে তুলে ধরেন।অনুষ্ঠানে জানানো হয়েছে, মিতো (কমলজিৎ ভাসিন) ছিলেন ভারতের একজন সমাজকর্মী ও নৃত্যশিল্পী। দক্ষিণ এশিয়ার সম্মিলনবাদী সংস্কৃতি বিষয়ে প্রাক-ডক্টরেট গবেষণা তাঁর অকালমৃত্যুতে বাধাপ্রাপ্ত হয়। তাঁর সংক্ষিপ্ত (১৯৭৮-০৬) কিন্তু উজ্জ্বল জীবনকে স্মরণ করতে মিতোর মা কমলা ভাসিন তরুণ দক্ষিণ এশীয় নাগরিকদের জন্য এ পুরস্কার প্রবর্তন করেন। এ পদক পাওয়ার জন্য ৪০ বছরের অনূর্ধ্ব দক্ষিণ এশীয় নাগরিক হতে হবে এবং ন্যায়বিচার, মানবাধিকার নিয়ে পৃথিবীর যেকোনো প্রান্তে কাজ করলেও তার মূল লক্ষ্য দক্ষিণ এশিয়ার ওপর থাকতে হবে। পুরস্কারের আর্থিক মূল্যমান এক লাখ ভারতীয় রুপি। এ ছাড়া একটি প্রশংসাপত্র এবং একটি স্মৃতিস্মারক দেওয়া হয়।অনুষ্ঠানে বাংলাদেশের হামিদা হোসেন, সুলতানা বেগম, সুলতানা কামাল, খুশী কবির, আমিনা মোহসিন, ফওজিয়া খন্দকার এবং অন্যান্য দেশের কমলা ভাসিন, অমৃতা নন্দী, আভা ভাইয়া, ব্রিজ ভাসিন, সুনীলা আবিয়েসেকেরা, আমব্রিন আহমাদরুবিনা সাইগল প্রমুখ বক্তব্য দেন।