বরুণ রায়ের লড়াই ছিল অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের জন্য তিনি সংগ্রাম করেছেন। তাঁর অসাম্প্রদায়িক জীবন-দর্শন প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনে আমাদের প্রেরণা জোগাবে। গতকাল মঙ্গলবার মুক্তিযুদ্ধ জাদুঘরে কমিউনিস্ট নেতা বরুণ রায়ের স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। নাগরিক স্মরণসভা উদ্যাপন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। বরুণ রায় নামে পরিচিত হলেও তাঁর পুরো নাম প্রসূণকান্তি রায়। ১৯৪২ সালে তিনি ২০ বছর বয়সে কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। ১৯৫৪ সালের নির্বাচনে কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে তিনি সুনামগঞ্জ থেকে জয়ী হন। ১৯৮৬ সালে একই অঞ্চল থেকে সাংসদ নির্বাচিত হন। তিনি ১৪ বছরেরও বেশি সময় জেল খেটেছেন। গ্রেপ্তার এড়িয়ে বছরের পর বছর সাধারণ মানুষের জন্য কাজ করেছেন। অনুষ্ঠানে নাগরিক স্মরণসভা উদ্যাপন পরিষদের আহ্বায়ক অজয় রায় বলেন, এ দেশের গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য আজীবন সংগ্রামকারীদের একজন বরুণ রায়। অথচ তাঁর ব্যাপারে অনেক তথ্য এখনো অলিখিত ও অপ্রকাশিত। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ৬০ বছর কমিউনিস্ট পার্টি এবং কৃষক ও শ্রমিকের জন্য কাজ করেছেন বরুণ রায়। গণতন্ত্রী পার্টির উপদেষ্টা আজিজুল ইসলাম খান বলেন, বরুণ রায় ছিলেন একজন সাচ্চা কমিউনিস্ট। তাঁর কর্মপন্থা অবলম্বন করে এগিয়ে গেলেই তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণতন্ত্রী পার্টির সভাপতি মো. আফজাল, গণফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, গণফোরামের কৃষিবিষয়ক সম্পাদক এস এম সবুর, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, ন্যাশনাল আওয়ামী পার্টির সহসাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।