অন্যের বাড়িতে লাশ রেখে ‘ব্ল্যাকমেল’ করে টাকা আদায় করতে শিশু খুন
রিকশাচালক মো. সেলিমের (৩২) স্ত্রী কিডনি রোগে আক্রান্ত। তাঁর চিকিৎসার জন্য টাকা দরকার। এ জন্য সেলিম তাঁর পূর্বপরিচিত বাড়িওয়ালা বাবুলের স্ত্রীর কাছে টাকা চান। টাকা না পেয়ে ভিন্ন পন্থা নেন তিনি। বাবুলের বাড়ির ভেতরে লাশ রেখে ‘ব্ল্যাকমেল’ করে মোটা অঙ্কের টাকা আদায়ের পরিকল্পনা করেন সেলিম।
সেলিম তাঁর পরিকল্পনা অনুযায়ী, স্থানীয় জিসানুল ইসলাম ওরফে আকাইদ নামের পাঁচ বছরের একটি শিশুকে অপহরণ করে বাবুলের বাড়িতে নিয়ে যান। সেখানে শিশুটিকে হাত-পা বেঁধে তাকে ক্ষুর দিয়ে গলা কেটে হত্যা করেন সেলিম। তারপর বাবুলের বাড়িতে শিশুটির লাশ রেখে পালিয়ে যান তিনি।
নির্মম এই ঘটনা ঘটেছে রাজধানীর খিলগাঁওয়ের মধ্য নন্দীপাড়া এলাকায়। গতকাল সোমবার সকালে এলাকার নূর মসজিদ গলির একটি পাঁচতলা বাসার দ্বিতীয় তলা থেকে শিশুটির গলিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল রাতে রাজধানীর সবুজবাগ থেকে সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি শিশুটিকে অপহরণ, হত্যা ও অন্যের বাড়িতে তার লাশ রাখার উদ্দেশ্য সম্পর্কে পুলিশকে তথ্য দেন।
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) আবদুল আহাদ প্রথম আলোকে বলেন, গত শুক্রবার নূর মসজিদ এলাকায় পাঁচ থেকে ছয়টি শিশু খেলছিল। সেখান থেকে জিসানুলকে কৌশলে রিকশায় তুলে অপহরণ করেন সেলিম। তারপর বাবুলের বাসায় নিয়ে শিশুটির হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করেন তিনি। জিসানুলকে হত্যার পর তার লাশ বাবুলের বাসায় রেখে পালিয়ে যান সেলিম।
ডিসি আবদুল আহাদ বলেন, এলাকায় থাকা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে রিকশাচালক সেলিমকে শনাক্তের পর গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি বলেন, বাড়িওয়ালা বাবুল তাঁর পূর্বপরিচিত। বিভিন্ন সময় বাবুলের বাড়ি পরিষ্কারের জন্য তাঁর ডাক পড়ত। পূর্বপরিচয়ের সূত্রে তিনি বাবুলের স্ত্রীর কাছে মোটা অঙ্কের টাকা চান। টাকা চেয়ে না পেয়ে বাবুলের বাড়িতে শিশু খুন করে লাশ রাখার পরিকল্পনা করেন তিনি। সেলিম ভেবেছিলেন, লাশ দেখার পর বাড়িওয়ালা বাবুল ভয় পাবেন। তিনি লাশটি সরাতে সেলিমকে ডেকে আনবেন। তখন বাবুলের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করবেন সেলিম।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে জিসানুল নিখোঁজ হওয়ার পর তার বাবা আবদুল মালেক খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তদন্তে ঘটনাস্থলের আশপাশে এলাকা থেকে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ। এতে দেখা যায়, জিসানুলকে এক রিকশাচালক তাঁর রিকশায় তুলে নিয়ে যান। এ ঘটনায় শনিবার অপহরণ মামলা হয়।
পুলিশ জানায়, মামলার তদন্ত করতে গিয়ে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তারা নন্দীপাড়া নূর মসজিদ গলির পাঁচতলার একটি বাসা থেকে শিশুটির লাশ উদ্ধার করে। এ ঘটনায় হত্যা মামলা করেন জিসানুলের বাবা। সবুজবাগ থেকে রিকশাচালক সেলিমকে গ্রেপ্তারের পর এই হত্যার রহস্য উদ্ঘাটন করা হয়।
জিসানুলকে অপহরণের কাজে ব্যবহৃত রিকশা, অপহরণের সময় অপহরণকারীর পরনে থাকা টি–শার্ট ও লুঙ্গি ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ক্ষুর জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।
প্রিয় ঘড়ি নিয়ে খেলতে বের হয়েছিল জিসানুল
জিসানুলের বাবা নির্মাণ শ্রমিক আব্দুল মালেক আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল মর্গে ছেলের লাশ নিতে আসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘শুক্রবার দুপুরে জিসানুলের শরীরে হালকা জ্বর ছিল। সে খেতে চাইছিল না। তখন সে বলছিল, মাংস দিয়ে ভাত খেতে চায়। আমি বলছিলাম রাতে তোমারে মাংস দিয়ে খেতে দেব বাবা। আমার ছেলেটারে মাংস খাওয়াতে পারলাম না। এই কষ্ট কেমনে সহ্য করব আমি।’
তিনি বলেন, ‘না খেয়েই ছেলেটা খেলতে বের হয়। জন্মদিনে পাশের বাসার এক প্রতিবেশী তাকে একটা ঘড়ি দিয়েছিলেন। ওই ঘড়িটা সঙ্গে নিয়ে যায়। এটা তার অনেক প্রিয় ছিল। কোনো কারণ ছাড়াই আমার নিষ্পাপ ছেলেটাকে হত্যা করল। আমি এর বিচার চাই। খুনির ফাঁসি চাই।’