অন্যের হয়ে পরীক্ষা দেওয়া তিন ছাত্র বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ছাত্রলীগ নেতাসহ তিনজনকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃত তিনজন হলেন—জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি খলিলুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান গণিত বিভাগের তৃতীয় বর্ষের এবং ওয়ালিউর হোসেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। খলিলুর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করলেও বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে স্নাতকোত্তর করছেন। তিনজনই জহুরুল হক হলে থাকতেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলার সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতাসহ দু্জনকে আটক করা হয়। ওয়ালিউর হোসেন ৫০ হাজার টাকা চুক্তিতে মো. সানাউল নামের এক পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিচ্ছিলেন। তাঁকে সহযোগিতা করছিলেন খলিলুর রহমান।
আগের দিন খলিলুরকে সংগঠন থেকেও বহিষ্কার করা হয়েছে। আশুলিয়া থানায় খলিলুর ও ওয়ালিউরের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান এ বিষয়ে মামলা করেছেন। এ মামলায় গ্রেপ্তারের পর তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।