অপরাধ নিয়ন্ত্রণে বিশ্বমানের প্রযুক্তি ব্যবহারে এগিয়ে যাচ্ছে ডিএমপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরাধ নিয়ন্ত্রণে আধুনিক যন্ত্রপাতি ও বিশ্বমানের প্রযুক্তি ব্যবহারের দিকে এগিয়ে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অনেক অপরাধীকেও শনাক্ত করা সম্ভব হয়েছে। ডিএমপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে আয়োজিত অনুষ্ঠানে কমিশনার আছাদুজ্জামান মিয়া এ কথা বলেন।
কমিশনার বলেন, মহানগরীর প্রতিটি নাগরিকের সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে ডিএমপি যুগোপযোগী এবং দ্রুত সেবা দেওয়ার প্রতিষ্ঠানে রূপান্তরিত করার প্রচেষ্টাকে বেগবান করেছে। তিনি বলেন, গত বছরে আইনশৃঙ্খলা ও নগরবাসীর জানমাল রক্ষা করতে গিয়ে ডিএমপির ১০ জন সদস্য নিহত ও ২৭ জন আহত হন। এঁদের মধ্যে ছয়জনের অবস্থা ছিল গুরুতর। তিনি বলেন, সন্ত্রাসী ও জঙ্গি কার্যক্রম প্রতিরোধের লক্ষ্য কাউন্টার টেরোরিজম নামের একটি নতুন ইউনিট গঠন করা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান বলেন, ‘পুলিশের বক্তব্য আমারই বক্তব্য। অঙ্গীকার পূরণে পুলিশ আন্তরিক হবে। সেই সঙ্গে নগরবাসীকে পুলিশ সহায়তা করবে।’
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মো. শাহজাহান বলেন, ১৯৭৬ সালে যখন ডিএমপি গঠন হয়, তখন ডিএমপির উপকমিশনার (সদর দপ্তর) ছিলাম। ৪০ বছর আগে ডিএমপি যে লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, তা যথাযথভাবে পূরণ হয়েছে। কঠিন পরিশ্রম ও আন্তরিকতার মাধ্যমে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করেছে। এখন যাঁরা ডিএমপির নেৃত্বত্ব দিচ্ছেন, তাঁরা জনগণের চাহিদা পূরণ করবেন।
লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, নিরাপত্তা, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য পুলিশকে মাঠে থাকতে হবে। বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি নানা ধরনের শক্রতা এই সমাজকে আক্রমণ করে। মৌলবাদ, ধর্মীয় সংকীর্ণতা ও ধর্মান্ধতা মোকাবিলা করে পুলিশকে কাজ করতে হয়। সাংবাদিক, নাগরিক সমাজ ও পরিবেশবাদীরা সব সময় পুলিশের সহযোগিতা পেয়ে থাকে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, চলচ্চিত্র অভিনেতা রাজ্জাক, আলমগীর প্রমুখ।
বেলা তিনটার পর সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ, সাংবাদিক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজারবাগ পুলিশ লাইনসের অনুষ্ঠানে যোগ দেন। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।