‘অপরাধ বা ধর্ষণ হলে আইনপ্রণেতাদের জবাবদিহি করতে হবে’
দেশে একের পর এক ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে এক মানববন্ধনে আইনপ্রণেতাদের জবাবদিহি করার দাবি জানিয়েছে সামাজিক প্রতিরোধ কমিটি। ধর্ষণ বন্ধে দেশব্যাপী প্রতিরোধের আহ্বান জানায় ওই কমিটি।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সামাজিক প্রতিরোধ কমিটি।
মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফৌওজিয়া মোসলেম বলেন, ‘বেগমগঞ্জের ঘটনায় নারীরা কেন লজ্জিত হবে? লজ্জিত হবে স্থানীয় জনপ্রতিনিধি, সেখান থেকে নির্বাচিত সাংসদ, প্রশাসন, নোয়াখালী থেকে নির্বাচিত ওবায়দুল কাদের এবং সংসদের স্পিকার। তাঁরা কী জবাব দেবেন?’ তিনি আরও বলেন, আইনপ্রণেতারা উদ্যোগ না নিলে এসব অপরাধ বন্ধ হবে না।
বিভিন্ন অপরাধ বাহিনী গড়ে ওঠা প্রসঙ্গে ফৌওজিয়া মোসলেম বলেন, ‘যত দিন এসব বাহিনীর সঙ্গে আইনপ্রণেতারা থাকবেন, তত দিন ধর্ষণের বিচার হবে না। এমন আইন করতে হবে যাতে এলাকায় কোনো অপরাধ বা ধর্ষণ হলে আইনপ্রণেতাদের জবাবদিহি করতে হবে। সংসদে তাঁদের জবাবদিহি করতে হবে। নারীরা শুধু নয়, বাংলাদেশকে গর্জে উঠতে হবে।’
মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, ‘যত দিন মনে করবেন যে ধর্ষণের হার অন্য দেশের চেয়ে আমাদের দেশে কম, তত দিন ধর্ষণ কমবে না, বিচার হবে না।’
আইন ও সালিস কেন্দ্রের প্রতিনিধি ফাহমিদা জামান বলেন, ‘সুষ্ঠু বিচার থাকলে এসব দেখতে হতো না। নারী, মেয়ে ও ছেলে শিশু নিরাপদ না।’
ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রও প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন করেছে। সংগঠনের সভাপতি নাসিমুন আরা হক মিনু বলেন, দেশে ধর্ষণের মহামারি শুরু হয়েছে। ধর্ষণ আইনে পরিবর্তন এনে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে।
প্রেসক্লাবে সকাল থেকে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন ও সোনাইমুড়ী জনকল্যাণ সমিতি।