অপরাধবিষয়ক সাংবাদিকদের ধানমণ্ডি থানা ঘেরাও
ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপসারণের দাবিতে গতকাল বুধবার সকালে অপরাধবিষয়ক সাংবাদিকেরা রাজধানীর ধানমন্ডি থানা ঘেরাও করেছেন। শুক্রবার সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিভাস সাহা নিহত হওয়ার পর ওসি সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক ও মারমুখী আচরণ করেন। অপরাধবিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্র্যাবের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতারাও অংশ নেন। গতকাল দুপুর ১২টার দিকে ধানমন্ডি ৬ নম্বর সড়কে থানার সামনের রাস্তায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন সাংবাদিকেরা। ক্র্যাবের সভাপতি আখতারুজ্জামান লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান, ক্র্যাবের সাধারণ সম্পাদক ইসারফ হোসেনসহ অন্যান্য নেতাও বক্তব্য দেন। বক্তারা অবিলম্বে ওসি মনিরুজ্জামানের অপসারণ দাবি করেন। সমাবেশে সাখাওয়াত হোসেন বলেন, ধানমন্ডি থানার ওসি ‘বিশেষ এলাকার’ লোক বলে এত দাপট। কিন্তু সরকার কোনো বিশেষ এলাকার নয়। এই ওসিকে এখনই প্রত্যাহার করা উচিত।সমাবেশ থেকে রোববার দুপুর ১২টায় ডিআরইউর সামনে মানববন্ধন এবং সোমবার একই সময় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেলে অফিসে যাওয়ার সময় মৈত্রী পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন ইংরেজি দৈনিক ইন্ডিপেন্ডেন্ট-এর জ্যেষ্ঠ প্রতিবেদক বিভাস চন্দ্র সাহা। এ ঘটনার পর সাংবাদিকেরা ঘাতক বাসচালকের গ্রেপ্তার ও বিচার, নিহত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ও ধানমন্ডি থানার ওসির অপসারণ দাবি করেন। ঘাতক বাসচালক মফিজুল ইসলামকে শনিবার গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।