জীবন ও জীবিকার তাগিদে শহরমুখী মানুষের চাপের ফলে দেশের নগর ও শহরগুলো এখন অপরিকল্পিতভাবে সম্প্রসারিত হচ্ছে। এতে নগরজীবনে পানিসংকট তীব্র হচ্ছে। এই সংকট কাটিয়ে উঠতে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক পানি দিবস উপলক্ষে ১০টি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগে অনুষ্ঠিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, নগর ও শহরাঞ্চলে পানি সমস্যার দ্রুত সমাধানে সরকার কাজ করছে। কিন্তু কয়েক দশকে সৃষ্ট এ সমস্যা দু-এক বছরে সমাধান সম্ভব নয়। শহরাঞ্চলের নিরাপদ পানির সংকট মোকাবিলায় সরকারের পাশাপাশি জনগণের সচেতনতা জরুরি।ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে ‘নগর ও শহরাঞ্চলে পানি বৈষম্য কমিয়ে আনা জরুরি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. মুজিবুর রহমান। সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) প্রধান প্রকৌশলী মো. নূরুজ্জামান। স্বাগত বক্তব্য দেন এনজিও ফোরামের নির্বাহী পরিচালক এস এম এ রশীদ।বিশেষ অতিথির বক্তব্যে বিশ্বব্যাংকের ওয়াটার অ্যান্ড স্যানিটেশন কর্মসূচির (ডব্লিউএসপি) আঞ্চলিক পানি ও স্যানিটেশন বিশেষজ্ঞ মার্ক এলারি বলেন, জেলা সদর ও পৌরসভা পর্যায়ে নিরাপদ পানি পৌঁছাতে স্থানীয় সরকারকে আরও কার্যকর করতে হবে।প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক দুলাল চন্দ্র বিশ্বাস বলেন, পানির সদ্ব্যবহার প্রসঙ্গে গণমাধ্যম সোচ্চার না হলে এবং বিষয়টি সাধারণ মানুষের উপলব্ধিতে আনতে না পারলে সরকারের নির্বাচনী অঙ্গীকার ও সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জন সম্ভব হবে না। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডেনিশ দূতাবাসের মিশনপ্রধান ইয়ান মোলার হ্যানসেন ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।