অপরিকল্পিত নগরায়ণের কারণে ঢাকায় আজ এত সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, অপরিকল্পিত নগরায়ণের প্রভাবে ঢাকা এখন নানা সমস্যার সম্মুখীন। নগরের অধিবাসীরা প্রতিনিয়ত বাসস্থান, পানি, বিদ্যুত্, গ্যাস ও যানজটের মতো নানা নাগরিক সমস্যার সঙ্গে যুদ্ধ করছে। এখন সময় এসেছে এসব নাগরিক সমস্যা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার।রাজধানী ঢাকার ৪০০ বছর উদ্যাপন কর্মসূচির আওতায় ‘দ্য হিস্ট্রি হেরিটেজ অ্যান্ড আরবান ইস্যুজ অব ক্যাপিটাল ঢাকা’ বিষয়ক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধন করে তথ্যমন্ত্রী এ কথা বলেন। গতকাল বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই সেমিনারের উদ্বোধন হয়।অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আরও বলেন, ঢাকা নগর উত্থান-পতনের মধ্য দিয়ে এগিয়ে চলেছে। মোগল আমল থেকেই ঢাকা একটি জনপ্রিয় নগর ও বাণিজ্য কেন্দ্ররূপে গড়ে ওঠে। দক্ষিণ এশিয়ার একটি দ্রুত বর্ধনশীল নগর হিসেবেও ঢাকা পরিচিত।বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ১৮৪১ সালে ঢাকা কলেজ এবং ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে ঢাকা নগরে অসাম্প্রদায়িক ও মুক্ত জ্ঞানচর্চার দরজা খুলে যায়। বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি সবকিছু ঢাকা নগরকে কেন্দ্র করেই আবর্তিত হয়।সেমিনারের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি সিরাজুল ইসলাম। তিনি বলেন, এই সেমিনারের মাধ্যমে ঢাকাবিষয়ক গবেষণা আরও সমৃদ্ধ হবে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সোসাইটির সাধারণ সম্পাদক মাহফুজা খানম। সেমিনারের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, সেমিনারের প্রধান সমন্বয়কারী শরীফ উদ্দিন আহমেদ। সমাপনী বক্তব্য দেন সেমিনারের উপপ্রধান সমন্বয়কারী এ কে এম গোলাম রব্বানী।উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনটি অধিবেশনে গতকাল ১৫টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। ভাষা আন্দোলন, বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ নানা বিষয় নিয়ে আজ বৃহস্পতিবার আরও অর্ধশত প্রবন্ধ উপস্থাপন করা হবে।তিন দিনের এই সেমিনারে অংশ নিতে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, ভারতসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা অংশ নিচ্ছেন। তাঁরা সেমিনারে ৯০টি প্রবন্ধ উপস্থাপন করবেন। ঢাকার ইতিহাস-ঐতিহ্যের পাশাপাশি ঢাকার আবাসন, পানি, বিদ্যুত্, যোগাযোগব্যবস্থা নিয়ে আলোচনা হবে এই সেমিনারে। সম্মেলনে প্রবন্ধকার হিসেবে থাকবেন রঙ্গলাল সেন, আবদুল মমিন চৌধুরী, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, মুনতাসীর মামুন, অনুপম হায়াত্, অর্পিতা বোস প্রমুখ।