অপরিকল্পিত নগরায়ণের ঝুঁকিতে জনস্বাস্থ্য, বাড়ছে দুরারোগ্য ব্যাধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশুদ্ধ পানি, নির্মল বাতাস, হাঁটাচলা ও খেলাধুলার পর্যাপ্ত সুযোগ সুস্বাস্থ্যের অন্যতম প্রধান নিয়ামক। অপরিকল্পিত নগরায়ণের ফলে এসব নিয়ামকের অধিকাংশই আজ হারিয়ে গেছে। ফলে মানুষ নানারকম অসংক্রামক ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে সর্বস্বান্ত হচ্ছে।গতকাল বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে আলোচকেরা এসব কথা বলেন। বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, পরিবেশ বাঁচাও আন্দোলন ও ডব্লিউবিবি ট্রাস্ট আয়োজিত ‘স্বাস্থ্য আমার অধিকার’ শীর্ষক ওই অনুষ্ঠানে বক্তারা নগরায়ণের ফলে মানবস্বাস্থ্যের ঝুঁকি সম্পর্কে আলোচনা করেন।মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডব্লিউবিবি ট্রাস্টের নীতিবিশ্লেষক সৈয়দ মাহবুবল আলম। তিনি জানান, বাংলাদেশে ২০ বছরের বেশি বয়সীদের মধ্যে গ্রামে ৭ শতাংশ ও শহরে ১৭ শতাংশ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। মোট মৃত্যুর শতকরা ১২ দশমিক ৫ শতাংশের কারণ হূদরোগ। প্রতি হাজারে ৪৫ জন পুরুষ ও ২২ জন নারী শ্বাসতন্ত্রের দীর্ঘমেয়াদি রোগে ভুগছে। পরিবেশদূষণ এসব রোগের অন্যতম কারণ।সভাপতির বক্তব্যে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) সভাপতি আবু নাসের খান বলেন, শুধু জিডিপি বৃদ্ধির দিকে নজর দিলে চলবে না, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে গিয়ে যে হারে পরিবেশদূষণ ঘটছে, তাতে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। এতে চিকিৎসাব্যয় বাড়ছে। ফলাফল দাঁড়াচ্ছে শূন্যে।ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সহযোগী অধ্যাপক সোহেল রেজা চৌধুরী বলেন, নগরায়ণের কারণে মাঠগুলো হারিয়ে গেছে, মানুষের খাদ্যাভ্যাসে বিপজ্জনক পরিবর্তন এসেছে। অতিরিক্ত চর্বিযুক্ত খাবার, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড ইত্যাদি খাবারে অভ্যস্ত হয়ে যাচ্ছে নগরবাসী।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বুলবুল ললিতকলা একাডেমির প্রধান বেগম শামসুন্নাহার, বেনের অস্ট্রেলিয়া শাখার সমন্বয়ক কামরুল আহসান খান, গণসংস্কৃতি কেন্দ্রের তাহেরা বেগম, পরিবেশকর্মী ও শিক্ষক ফুলে হোসেন, প্রত্যাশা মাদকবিরোধী সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, উন্নয়ন ধারার সদস্যসচিব আমিনুর রসুল প্রমুখ।