রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অপরিকল্পিত নগরায়ণের দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, রাজউক প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত সমন্বিত পরিকল্পনা ছাড়া নিজেদের ইচ্ছেমতো নগরায়ণের অনুমতি দিয়েছে।গতকাল শনিবার নগর গবেষণাকেন্দ্রের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী সম্মেলনে বিশেষজ্ঞরা এ মন্তব্য করেন। রাজধানীর এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে উপস্থিত ছিলেন নগর পরিকল্পনাবিদ, স্থপতি, প্রকৌশলীসহ নানান পেশাজীবী। তাঁরা নগরায়ণের ওপর বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।প্যানেল আলোচনা ও তৃতীয় অধিবেশনে সংগঠনের সহসভাপতি খাদেম আলির সভাপতিত্বে বক্তারা সাভারে রানা প্লাজা ধসের ঘটনা এবং বর্তমান বাংলাদেশ ও রাজউকের ভূমিকা নিয়ে আলোচনা করেন।সংগঠনের চেয়ারম্যান নগরপরিকল্পনাবিদ নজরুল ইসলাম বলেন, রাজউকের উদাসীনতা, রাজউক-পরিদর্শকের অবহেলা ও সর্বোপরি নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।গণপূর্ত বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী হারুন-উর-রশীদ বলেন, বাংলাদেশে প্ল্যান (পরিপূর্ণ নকশা) অনুমোদন করা হয় না, লে-আউট (প্রাথমিক নকশা) অনুমোদন করা হয়। ফলে খসড়া নকশায় তৈরি ভবনের নির্মাণত্রুটি থেকে যাওয়ার সম্ভাবনা প্রচুর।সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের শিক্ষক মো. শহীদুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মাকসুদ কামাল প্রমুখ। এর আগে ‘বাংলাদেশের নগরায়ণে সাম্প্রতিক গবেষণা’ শীর্ষক আলোচনার উদ্বোধন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি গোলাম রহমান।