ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের ওপর এক সমীক্ষায় দেখা গেছে, এদের ৩ দশমিক ৩ শতাংশ অপরিপক্ব শিশু। এদের জন্ম হয় নির্দিষ্ট সময়ের আগে।গতকাল শনিবার ‘বিকলাঙ্গ শিশু ও অপরিপক্ব শিশু জন্মের সমীক্ষা ও প্রতিকার’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে এ তথ্য দেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এ সেমিনারের আয়োজন করে আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হসপিটাল কর্তৃপক্ষ। সেমিনারে বলা হয়, বাংলাদেশ, নেপাল ও ভারতে অপরিপক্ব ও বিকলাঙ্গ শিশুর জন্মহার বাড়ছে।অপরিপক্ব শিশুর ওপর প্রবন্ধ উপস্থাপনকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক আবিদ হোসেন মোল্লা বলেন, ২০০৮ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত জন্ম নেওয়া দুই হাজার ১৫ জন শিশুর তথ্য সংগ্রহ করা হয়। তাতে দেখা যায়, ৬৬ জন শিশু অপরিপক্ব (প্রি-টার্ম বেবি) ছিল।সেমিনারে বিকলাঙ্গ শিশুর ওপর প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা শিশু হাসপাতালের সহযোগী অধ্যাপক মো. মনির হোসেন। তিনি বলেন, ঢাকা শিশু হাসপাতালে জন্ম নেওয়া শিশুর ১ দশমিক ৯ শতাংশ বিকলাঙ্গ। হাসপাতালে তিন মাসে চার হাজার ৩০২ শিশু জন্ম নেয়। এদের মধ্যে ৮০ জন ছিল বিকলাঙ্গ।সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, বাল্যবিবাহ, অপুষ্টি, খাদ্যাভ্যাস, ধূমপান, মদ্যপান, পরিবেশদূষণ বিকলাঙ্গ ও অপরিপক্ব শিশুর জন্মের প্রধান কারণ। পরিবারের সদস্যদের শারীরিক, মানসিক, অর্থনৈতিক অবস্থাও এ ধরনের শিশুর জন্মের জন্য অনেকাংশে দায়ী।স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপিকা সায়েবা খাতুন বলেন, বিকলাঙ্গ ও অপরিপক্ব শিশুর জন্ম রোধ করতে সচেতনতা সবচেয়ে জরুরি। এ জন্য মেয়েদের বিয়ের আগে থেকেই পরামর্শ দিতে হবে। সেমিনারের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, আয়েশা মেমোরিয়াল হাসপাতালের সভাপতি প্রীতি চক্রবর্তী প্রমুখ বক্তব্য দেন।