অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগ
রাজধানীর মোহাম্মদপুর থেকে মাসুদুর রহমান রানা (২৪) নামের এক যুবককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। পরিবারের অভিযোগ, অপহরণকারীরা তাঁর মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করেছে। অপহূতের পরিবার পুলিশের কাছে অভিযোগ করেছে, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাসুদুরকে মোহাম্মদপুর বাঁশবাড়ি এলাকা থেকে কয়েকজন একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর তাঁর মুঠোফোন থেকে ফোন করে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে অপহরণকারীরা। এ সময় রানার সঙ্গে কথা বলতে চাইলে অপহরণকারীরা শনিবার দুপুরে কথা বলার সময় দেয়। কিন্তু গতকাল শনিবার দুপুরে মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক প্রথম আলোকে বলেন, এ ঘটনায় শুক্রবার রাতেই মাসুদুরের ফুফু রাশিদা খাতুন বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত তাঁর হদিস মেলেনি।পুলিশ জানায়, মাসুদুরের বাসা কল্যাণপুরে। গ্রামের বাড়ি ঝিনাইদহে। বাঁশবাড়ি এলাকার কাটাসুর মার্কেটে অংশীদারের ভিত্তিতে তাঁর একটি কম্পিউটারের দোকান রয়েছে।