অপহরণের তিন মাস পর কিশোরের দেহাবশেষ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের প্রায় তিন মাস পর মোহাম্মদ কাউসার (১৬) নামের এক কিশোরের দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাজধানীর কামরাঙ্গীরচর থেকে তার দেহাবশেষ উদ্ধার করা হয়। স্বজনেরা জানিয়েছেন, সে বুদ্ধিপ্রতিবন্ধী ছিল।কাউসারকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। কাউসারের বাবা মো. ইব্রাহিম আলী কামরাঙ্গীরচরের জাউলাহাটিতে সপরিবারে থাকেন এবং সেখানে তাঁর মুদির দোকান আছে।নিহত কাউসারের মামা মাইনুদ্দিন মিয়া বলেন, স্থানীয় চয়ন একাডেমির অষ্টম শ্রেণীর ছাত্র কাউসারকে গত ১৬ মে অপহরণের পর তার বাবার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ চায় দুর্বৃত্তরা। এ ঘটনায় পরদিনই কামরাঙ্গীরচর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পুলিশ কাউসারকে উদ্ধার করতে পারেনি। পরিবারের লোকজন একপর্যায়ে ১৯ মে নবাবগঞ্জে অপহরণকারীদের হাতে মুক্তিপণের টাকা তুলে দেন। কিন্তু অপহরণকারীরা কাউসারকে ফেরত দেয়নি। ২৬ মে এ ঘটনায় অপহরণের মামলা করা হয়। মামলাটি পরে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশে স্থানান্তর করা হয়। এ মামলায় প্রথমে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পরে তারা জামিনে মুক্তি পায়। এরপর অপহরণকারীরা ইব্রাহিমের কাছে আরও এক লাখ টাকা দাবি করে। ১৫ আগস্ট মো. জামির নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আলতাফ, তাঁর স্ত্রী ফরিদা ও শাহজাহানকে গ্রেপ্তার করে ডিবি। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী ১৮ আগস্ট দুপুরে কাউসারদের বাসার কাছে সীমানা দেয়ালঘেরা একটি জমির মাটি খুঁড়ে দেহাবশেষ উদ্ধার করা হয়। জিনস প্যান্ট ও গেঞ্জি দেখে ওই দেহাবশেষ কাউসারের বলে শনাক্ত করেন স্বজনেরা।কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাসিরুল্লাহ প্রথম আলোকে বলেন, অপহরণের পরদিন ১৭ মে রাতেই কাউসারকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা।পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে বলেছেন, অপহরণের পরপরই চেতনানাশক ওষুধ প্রয়োগে কাউসারকে অচেতন করা হয়। পরদিন বিকেলে চেতনা ফিরে এলে আবারও তাকে চেতনানাশক ওষুধ প্রয়োগ করা হয়। রাতে সে জেগে উঠলে জামির ও ফরিদা তার পা চেপে ধরে এবং আলতাফ বুকের ওপর বসে। শাহজাহান তাকে শ্বাসরোধে হত্যা করে।পুলিশ জানায়, এ মামলায় বিএনপির নেতা ও সাবেক সাংসদ নাসির উদ্দিন আহমেদ পিন্টুর গাড়িচালক জাহিদ মোল্লাসহ আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।মাইনুদ্দিন মিয়া বলেন, জামিরের বাসা কাউসারদের পাশেই। সাত বছর আগে জামিরের সঙ্গে কাউসারের বাবার জমি নিয়ে বিরোধ হয়। তাঁর ধারণা, এর জের ধরেই কাউসারকে হত্যা করা হয়েছে। কাউসার দুই ভাই ও এক বোনের মধ্যে মেজো ছিল।