অপহরণের ৬ ঘণ্টা পর পুলিশ কর্মকর্তা উদ্ধার
দক্ষিণ কেরানীগঞ্জে অপহরণের ছয় ঘণ্টা পর পুলিশের এক কর্মকর্তাসহ দুজনকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধার ব্যক্তিরা হলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ শাখার উপপরিদর্শক (এসআই) মো. মশিউল আজম (৪২) এবং স্থানীয় জমি ব্যবসায়ী মো. আলম (৪০)।
পুলিশ সূত্র জানায়, এসআই মশিউল আজম ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় দায়িত্ব পালন করেন। গত শনিবার রাত আটটার দিকে তিনি ব্যবসায়ী আলমকে নিয়ে মোটরসাইকেলযোগে চুনকুটিয়া থেকে কেন্দ্রীয় কারাগারের দিকে যাচ্ছিলেন। দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা চিতাখোলা সড়ক এলাকায় ১০-১২ জন অস্ত্রধারী দুর্বৃত্ত তাঁদের গতিরোধ করে। পরে দুর্বৃত্তরা তাঁদের অপহরণ করে নিয়ে যায়।
পুলিশ জানায়, দুর্বৃত্তরা অপহৃত ব্যক্তিদের মুঠোফোন দিয়ে তাঁদের পরিবারের কাছে এক লাখ টাকা করে চাঁদা দাবি করে। খবর পেয়ে র্যাব, পুলিশ, পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও এসবির একাধিক টিম অভিযান শুরু করে। পাশাপাশি তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান জানার চেষ্টা করা হয়। একপর্যায়ে রাত দেড়টার দিকে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে চিতাখোলা সড়ক এলাকায় জঙ্গলের ভেতর থেকে তাঁদের উদ্ধার করে। এ সময় মশিউল আজম ও আলমের হাত-পা বাঁধা ছিল। মশিউলের মাথায় জখম ছিল। তাঁকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্যবসায়ী মো. আলম সাংবাদিকদের বলেন, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের বিষয়টি টের পেয়ে দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। পরে রাত দেড়টার দিকে তাঁদের উদ্ধার করা হয়। তিনি বলেন, অপহরণকারীদের তাঁরা চিনতে পারেননি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম বলেন, পুলিশ কর্মকর্তার অপহরণের খবর পাওয়ার পর ঘটনাস্থলের আশপাশে সাঁড়াশি অভিযান চালানো হয়। একপর্যায়ে জঙ্গলের ভেতর থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে। তবে অপহৃত ব্যক্তিদের ব্যবহৃত মোটরসাইকেলটি এখনো পাওয়া যায়নি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। কারা কী কারণ এই ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। তিনি বলেন, এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।