অপহৃত মার্কিন নাগরিকের খোঁজ মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাখালী এলাকা থেকে গত মঙ্গলবার মফিজুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে অপহরণ করা হয়েছে। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি।
পুলিশ জানায়, গত ২২ জানুয়ারি মফিজুল ইসলাম যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন। তাঁর বাসা বারিধারায়। মঙ্গলবার ব্যবসায়িক কাজে তিনি ব্যক্তিগত গাড়ি নিয়ে মতিঝিলে যান। বিকেলে সেখান থেকে ফেরার পথে মহাখালী উড়ালসড়কে ওঠার মুহূর্তে একটি সাদা রঙের গাড়ি তাঁর গাড়ির পথরোধ করে। এরপর চার দুর্বৃত্ত মফিজুলের গাড়িচালককে মারধর করে এবং মফিজুলকে গাড়িতে তুলে নিয়ে যায়। এ ঘটনায় গাড়িচালক কাফরুল থানায় সাধারণ ডায়েরি করেন।
কাফরুল থানার ওসি শিকদার মো. শামীম হোসেন বলেন, মফিজুল জমি কেনাবেচার ব্যবসা করেন। তাঁর কাছে অনেকের টাকা পাওনা আছে। ধারণা করা হচ্ছে, এসব ঘটনার কারণে তিনি অপহৃত হতে পারেন।