অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে আবাসনশিল্প রক্ষা কমিটি। আবাসন খাতে ১৯বি ধারা পুনরায় চালু করে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দিলে সরকার ও আবাসনশিল্প উভয়েরই উপকার হবে বলে অভিমত প্রকাশ করেন কমিটির নেতারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে গতকাল রোববার এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে আবাসনশিল্পের উন্নয়নে প্রস্তাবিত বাজেটে গৃহনির্মাণ ঋণ ও তহবিলের পরিমাণ বাড়ানো, উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে উপশহর নির্মাণে বিনিয়োগকারী নিয়োগ এবং সিমেন্ট তৈরিতে ব্যবহূত ক্লিংকারের ওপর আরোপিত অতিরিক্ত কর প্রত্যাহারেরও দাবি করে কমিটি। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রস্তাবিত বাজেটে আবাসন খাতে বরাদ্দ রাখা হয়েছে মাত্র এক হাজার ১৬ কোটি টাকা। প্রয়োজনের তুলনায় এটা একেবারেই অপ্রতুল। তিন হাজার কোটি টাকা বরাদ্দের দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, এ খাতে সুদের হার সর্বোচ্চ ৯ শতাংশে নামিয়ে আনতে হবে। বাজেট প্রস্তাব দেখে মনে হতে পারে, সরকার ব্যাংকগুলো থেকে বেশি করে ঋণ নেবে এবং এর ফলে বেসরকারি খাতে ঋণের বরাদ্দ কমে যাবে। এতে আবাসনসহ সংশ্লিষ্ট শিল্পগুলোতে বন্ধ্যত্ব বৃদ্ধি পাবে। ফ্ল্যাট ও প্লটের বেলায় রেজিস্ট্রেশন ফি সাড়ে ৪ শতাংশে নামিয়ে আনা প্রয়োজন বলে অভিমত প্রকাশ করা হয়। বাজেটে জমির উৎসে কর অবস্থানভেদে ৩ থেকে ৫ শতাংশ করার বিষয়ে সমালোচনা করে এটা প্রত্যাহার এবং নির্মাণসামগ্রীর ওপর শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করার প্রস্তাবও প্রত্যাহার করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে বলা হয়, স্বয়ংসম্পূর্ণ আবাসনশিল্পে বিদেশি বিনিয়োগের প্রয়োজন নেই। আবাসন বিষয়ে সরকার সম্প্রতি একটি বিদেশি কোম্পানির সঙ্গে যে সমঝোতা চুক্তি করেছে, তা বাতিল করা উচিত বলেও মনে করে কমিটি। একই সঙ্গে সরকার ঢাকার পাশে উপশহর নির্মাণ করতে চাইলে প্রতিযোগিতার মাধ্যমে দেশীয় উন্নয়নকারীদের জমি বরাদ্দ দিতে পারে। এ ক্ষেত্রে সরকার নিয়ন্ত্রকের ভূমিকায় থেকে প্লট বা ফ্ল্যাটের মূল্য ও গুণগত মান নিয়ন্ত্রণ করতে পারে।এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কমিটির সদস্যসচিব এম জি আর নাসির। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি জাহিদ হোসেন প্রধান, বাংলাদেশ রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, বাংলাদেশ সিমেন্ট ম্যানুফেকচারার অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য মো. শহিদুল্লাহ, বিকন গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম বাহারী প্রমুখ।