অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমজীবীরা দেশের জাতীয় অর্থনীতি সমৃদ্ধ করছে। কিন্তু তাঁদের রাষ্ট্রীয় স্বীকৃতি নেই। নেই কোনো সামাজিক নিরাপত্তা। রাষ্ট্রীয় ও আইনগত স্বীকৃতির মাধ্যমে তাদের অধিকার নিশ্চিত করতে হবে।গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। ‘সামাজিক নিরাপত্তা এবং অপ্রাতিষ্ঠানিক খাত’ শীর্ষক ওই সভা যৌথভাবে আয়োজন করে নাগরিক উদ্যোগ ও পার্টনারশিপ অব উইমেন ইন অ্যাকশন।সভায় বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেন, উত্পাদনশীল শ্রমকে পুরস্কৃত করা না হলে শ্রমিক তাঁর অধিকার থেকে বঞ্চিত হন। নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন বলেন, অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া দেশের শ্রম আইনের একটি বড় সীমাবদ্ধতা। নর্থ সাউথ ইউনিভার্সিটির পরিবেশবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এ টি এম নুরুল আমীন বলেন, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতকে আলাদাভাবে দেখলে চলবে না। শুধু মানবিক কারণেই নয়, অর্থনৈতিক কারণেও অপ্রাতিষ্ঠানিক শ্রম খাত নিয়ে কথা বলা প্রয়োজন।সভায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শহীদুল্লাহ চৌধুরী, শ্রম আইন বিশেষজ্ঞ এ কে এম নাসিম, শ্রমিকনেতা আবুল হোসাইন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন প্রমুখ বক্তব্য দেন।