অপ্রাপ্তবয়স্ক বাসচালকেরা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে চলতি বছরের প্রথম তিন মাসে ৭১টি সড়ক দুর্ঘটনায় মারা গেছে ৪৪ জন। পুলিশ প্রশাসন বলছে, অপ্রাপ্তবয়স্ক যানবাহন-চালকের কারণে দুর্ঘটনা বেশি হচ্ছে। তারা বলছে, এলোমেলো গাড়ি চালানো এবং পথচারীদের বেপরোয়া রাস্তা পারাপার দুর্ঘটনার অন্য দুটি প্রধান কারণ। গত ফেব্রুয়ারিতে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছয় বছরের শিশু হামিমকে চাপা দিয়ে মারে এক বাসচালক। হামিমের মায়ের অভিযোগ, ওই বাসচালকের বয়স ১৭ বছরের বেশি হবে না। চালকের সহযোগীর বয়স আরও কম। দুর্ঘটনাস্থলে উপস্থিত একাধিক অভিভাবক বলেছিলেন, কিশোর চালক বাসের নিয়ন্ত্রণ রাখতে পারেনি বলেই পেছন দিক থেকে হামিমের মাকে ধাক্কা দিয়েছে। তারপর পালাতে গিয়ে হামিমকে পিষ্ট করেছে। মোটরযান আইনে বলা আছে, ১৮ বছরের কম বয়সী কোনো ব্যক্তি সর্বসাধারণের ব্যবহার্য কোনো স্থানে মোটরযান চালাবে না। পাশাপাশি এও উল্লেখ আছে, ২০ বছরের কম বয়স্ক কেউ পেশাদার চালক হিসেবে সর্বসাধারণের ব্যবহার্য কোনো স্থানে কোনো মোটরযান চালাবে না। আইনে যা-ই থাকুক না কেন, রাজধানীতে অবাধে বাস, টেম্পো চালাচ্ছে ১৬ থেকে ১৮ বছরের অনেক কিশোর। রাজধানীর মিরপুর-মতিঝিল রুটের অনেক বাসে অপ্রাপ্তবয়স্ক চালককে গাড়ি চালাতে দেখা যায়। ফার্মগেট-নিউমার্কেট রুটে কোনো টেম্পোতে প্রাপ্তবয়স্ক চালক সাধারণত দেখা যায় না। কয়েকজন কিশোরকে লাইসেন্স আছে কি না, প্রশ্ন করলে তারা লাইসেন্সধারীদের চেয়েও ভালো চালক বলে দাবি করে। লাইসেন্স নেই, চালক হওয়ার মতো আইনানুগ বয়সও হয়নি, তবু মালিক বাস চালানোর অনুমতি দিলেন কী করে? এমন প্রশ্নের উত্তরে কেউ বলে মালিক জানেন, কেউ বলে ওস্তাদ জানেন। ১৬ বছরের এক চালক বলে, ‘ধরেন, আমাদের গাড়ি দিনে ১০ বার আপ-ডাউন (যাতায়াত) করব। ওস্তাদে সাতবার চালাইলে সাগরেদে তিনবার।’ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) পরিচালক (এনফোর্সমেন্ট) তপন কুমার সরকার বলেন, সচেতনতার অভাবে অপ্রাপ্তবয়স্কদের বাস চালাতে নিয়োগ দেওয়া হয়। ফলে সড়ক দুর্ঘটনার হার কমছে না। পুলিশ সদর দপ্তরের মাসিক হিসাব অনুযায়ী তিন মাসে ঘটা ৭১টি সড়ক দুর্ঘটনার সর্বোচ্চ আটটি ঘটনা ঘটেছে বিমানবন্দর থানায়। এর কারণ উল্লেখ করতে পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক বলেন, ‘ওই এলাকায় গাড়িজট কম, তাই গতি অনেক বেশি। এলোমেলো আর অসতর্কভাবে গাড়ি চালনার কারণে এই এলাকায় দুর্ঘটনাও বেশি ঘটে।’ চালকের বয়স নির্ধারণে প্রচলিত আইন মানা হচ্ছে না কেন—এমন প্রশ্নের জবাবে পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ওয়ালিদ হোসেন বলেন, ‘আইন ভঙ্গ করাটাই আমাদের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন গাড়ি আটক করা হচ্ছে, মামলা হচ্ছে।’ তিনি বলেন, আইন আরও শক্ত হলে সুফল পাওয়া যেতে পারে। তবে অপ্রাপ্তবয়স্ক কতজন চালক এ পর্যন্ত আটক হয়েছে—এমন তথ্য তাঁদের কাছে নেই।