ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের একজন অধ্যাপকের কক্ষে এক ছাত্রীকে মেরে রক্তাক্ত করা হয়েছে। ওই শিক্ষকের প্রথম স্ত্রীর ছেলেরা এ হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে। ঘটনার পর থেকে শিক্ষক ও ওই ছাত্রীর খোঁজ পাওয়া যাচ্ছে না। গত মঙ্গলবার বিকেলে কলা ভবনের ৪০২২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। তবে গতকাল বুধবার পর্যন্ত তাঁদের কোনো সন্ধান পায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা গতকাল বুধবার ওই শিক্ষকের সিলগালা করা কক্ষে ভাঙচুর চালিয়েছেন। বিভাগের একাডেমিক কমিটির সভায় তাঁকে বিভাগের শিক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে তাঁকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো এবং তাঁর বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি। এ ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।হামলার শিকার ওই ছাত্রী আরবি বিভাগের দ্বিতীয় ব্যাচের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী। তাঁর সম্পর্কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বিভাগ থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। কর্তৃপক্ষ বলছে, শিক্ষক ওই ছাত্রীকে বিয়ে করেছেন বলে তাঁরা শুনেছেন। তবে বিভাগীয় শিক্ষকদের অভিযোগ, ওই ছাত্রীর সঙ্গে শিক্ষকের বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। আরবি বিভাগের শিক্ষক ও শাহবাগ থানায় করা সাধারণ ডায়েরি থেকে জানা যায়, গত মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে ওই ছাত্রী তাঁর শিক্ষকের কক্ষে যান। কিছুক্ষণ পর শিক্ষকের প্রথম স্ত্রীর দুই ছেলে আকস্মিক ওই কক্ষে ঢুকে ছাত্রীর ওপর চড়াও হয়। একপর্যায়ে তাঁকে বেদম মারধর করে রক্তাক্ত করা হয়। এরপর তারা দ্রুত কক্ষ থেকে বের হয়ে চলে যায়। ছাত্রীটির চিৎকার শুনে আশপাশের শিক্ষক ও শিক্ষার্থীরা ছুটে আসেন। এ সময় ওই শিক্ষক ছাত্রীকে নিয়ে সটকে পড়েন। এরপর থেকে তাঁদের পাওয়া যাচ্ছে না। শিক্ষকের মুঠোফোন নম্বরটিও বন্ধ রয়েছে। ঘটনার পর ওই কক্ষে গিয়ে দেখা যায়, কক্ষের ভেতর ও বাইরে ছোপ ছোপ রক্ত। ভেতরে পড়ে আছে ওড়না, শাড়ি ও এক জোড়া জুতা। ঘটনা শুনে ওই কক্ষে যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শাহবাগ থানার পুলিশ। পরে তাঁরা ওই কক্ষটি সিলগালা করে দেন। গতকাল দুপুর ১২টার দিকে বিভাগের শিক্ষার্থীরা কলা ভবনের চারতলায় ওই শিক্ষকের কক্ষে ভাঙচুর চালান। পরে কলা ভবনের বারান্দায় বিক্ষোভ করেন তাঁরা। এ সময় শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা। বিভাগের কয়েকজন শিক্ষক প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ওই শিক্ষকের দুই স্ত্রী। আর ওই ছাত্রীর সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক আছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী বলেন, ওই শিক্ষক ছাত্রীকে বিয়ে করেছেন বলে জনশ্রুতি রয়েছে। গতকাল রাতে অজ্ঞাত স্থান থেকে ছাত্রীটি জানান, গত জুন মাসে শিক্ষকের সঙ্গে তাঁর বিয়ে হয়েছে।শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ওই শিক্ষক ও ছাত্রীকে খুঁজে বের করার চেষ্টা চলছে।