অপ্রয়োজনে বিদেশি ওষুধ না দেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে মানসম্পন্ন ওষুধ থাকার পরও বিদেশ থেকে আমদানি করা ওষুধ ব্যবস্থাপত্রে (প্রেসক্রিপশনে) না লিখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসকদের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত চিকিৎসকদের এই নির্দেশ দেন।গতকাল মেডিসিন, চর্ম ও যৌন এবং ফিজিক্যাল মেডিসিন বিভাগের বহির্বিভাগ পরিদর্শন করেন প্রাণ গোপাল দত্ত। এ সময় তিনি বলেন, চিকিৎসকেরা রোগীদের যে ব্যবস্থাপত্র দেন, তাতে মেডিকেল কোড অব ইথিকস মেনে চলা উচিত। কিছু চিকিৎসক বিভিন্নভাবে প্রভাবিত হয়ে বিদেশ থেকে আনা ওষুধ ব্যবস্থাপত্রে লিখে থাকেন। বিশেষ করে অপ্রয়োজনীয় ভিটামিন, যৌন উদ্দীপক ওষুধ ও খাদ্যের কথা উল্লেখ করেন তিনি। এটা গর্হিত কাজ উল্লেখ করে উপাচার্য বলেন, ‘দেশীয় ওষুধের ব্যবহার বাড়াতে বিদেশি ওষুধ পথ্যে লেখা যথাসম্ভব বন্ধ করতে হবে।’বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি আবু সফি আহমেদ আমিন অপ্রয়োজনে বিদেশি ওষুধ ব্যবস্থাপত্রে না লেখার বিষয়ে চিকিৎসকদের সতর্ক করে বলেন, এমন কাজ করলে চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিএসএমএমইউর সহ-উপাচার্য মোহাম্মদ শহিদুল্লা। বিজ্ঞপ্তি।