অফিস-আদালত খুললেও ঈদের আমেজ কাটেনি রাস্তাঘাট ফাঁকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটির পর গতকাল রোববার সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যাংক-বিমা ও ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছে; তবে ঈদের আমেজ এখনো কাটেনি। রাজধানীর বিভিন্ন পার্কসহ বিনোদনকেন্দ্রগুলোয় যথেষ্ট ভিড় লক্ষ করা গেলেও রাস্তাঘাট ছিল ফাঁকা ফাঁকা।সরকারের প্রাণকেন্দ্র সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই রয়েছেন ছুটিতে। ছুটি শেষে যাঁরা গতকাল কর্মস্থলে আসেন, তাঁরা ঈদের শুভেচ্ছা বিনিময় করেই সময় পার করেছেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে দেখা গেছে, কর্মকর্তা-কর্মচারীরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। অর্থ, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ অন্য মন্ত্রণালয়গুলোতেও ছিল ঈদের আমেজ। তা ছাড়া সচিবালয়ে অন্যান্য সময়ের মতো দর্শনার্থীদের ভিড় ছিল না। জজকোর্টেও ছিল একই চিত্র। অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠান ও বিপণিবিতানগুলো এখনো খোলেনি।গত মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন ঈদের ছুটি থাকলেও ছুটি শেষেই শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় এবারের ঈদের ছুটি হয় কার্যত পাঁচ দিনের।