শিশু আদালত আছে। তবে তা চলছে অবকাঠামো ছাড়াই। শিশু আসামিকে আলাদাভাবে রাখার জন্য আদালতের হাজতখানায় কোনো সেল নেই। দাগি আসামির পাশাপাশি রেখে শিশুদের বিচারকাজ চলছে।
প্রতিদিন ঢাকার জেলা ও দায়রা জজ এবং ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ঘোষিত শিশু আদালতে শিশু আসামিদের আনা হচ্ছে। দিনের একটি নির্দিষ্ট সময়ে এই দুটি আদালতে শিশু আদালত বসে।
২০১৪ সালের ১৩ এপ্রিল ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতকে ঢাকা মহানগরী এলাকার শিশু আদালত হিসেবে ঘোষণা করা হয়। আর ঢাকার জেলা ও দায়রা জজ আদালতকে ঢাকা জেলার শিশু আদালত হিসেবে ঘোষণা দেওয়া হয়।
তবে শিশু আদালত ঘোষণার পর নতুন কোনো জনবল নিয়োগ দেওয়া হয়নি। তাই দুটি আদালত চলছে একই জনবল দিয়ে।
এ বিষয়ে ঢাকা জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তাশেখ বজলুল রশিদ প্রথম আলোকে বলেন, ‘শিশু আদালতের কার্যক্রম যখন শুরু হয়, তখন শুধু শিশু আসামিকেই আদালতকক্ষে রাখা হয়। অন্য সময় কীভাবে রাখা হয়, তা বলতে পারব না।’
শিশু আইন অনুযায়ী, আদালতে মামলা পরিচালনার সময় শিশুর অধিকার নিশ্চিতের দায়িত্ব সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তার।
ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ও শিশু আদালতের সরকারি কৌঁসুলি শাহাবুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, শিশু আদালত গঠন করা হলেও একই বিচারক শিশু আদালত ও প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত হিসেবে মামলা পরিচালনা করছেন। তা ছাড়া ভিন্ন কোনো ব্যবস্থা না থাকায় অন্য আসামিদের সঙ্গে শিশু আসামিকে রাখা হচ্ছে। শিশু আদালতের জন্য পৃথক অবকাঠামো থাকা প্রয়োজন।
২০১৩ সালের শিশু আইন অনুযায়ী, শিশুদের বিচারের একমাত্র এখতিয়ার শিশু আদালতের। শিশু আইন অনুযায়ী, কোনোভাবেই শিশুর বিচারকাজ দাগি অপরাধীর সঙ্গে পরিচালনা করা যাবে না।
এ সম্পর্কে পুলিশের অপরাধ তদন্ত ও প্রসিকিউশনের অতিরিক্ত কমিশনার আমিনুর রহমান বলেন, শিশুদের জন্য আলাদা কোনো কক্ষ নেই। তাঁর দাবি, আদালতের হাজতখানার একটি কক্ষে শুধু শিশুদের রাখা হয়।
ঢাকা মহানগরীর জন্য গঠিত প্রথম অতিরিক্ত মহানগর দায়রা আদালতে শিশু আইনে ১৫২টি মামলা রয়েছে। গত ৩১ মে এ প্রতিবেদন লেখার জন্য তথ্য সংগ্রহ করা পর্যন্ত প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে শিশু আইনের বাইরে হত্যা, অস্ত্রসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে ৩ হাজার ৯০৪টি। বিচারক বদলি হয়ে যাওয়ায় বর্তমানে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন ভারপ্রাপ্ত বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালে শিশু আদালত গঠনের পর ২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত বিভিন্ন আদালতে বিচারাধীন শিশু আইনবিষয়ক মামলাগুলো শিশু আদালতে পাঠানো হয়। ৩০টি মামলা নিষ্পত্তি হয়েছে। বাকি মামলার বিচারকাজ চলছে।