অবকাঠামো উন্নয়নে দরকার ৮০০ কোটি ডলার
পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে যান চলাচল চুক্তিগুলো (মোটর ভেহিক্যাল অ্যাগ্রিমেন্ট) বাস্তবায়নের পাশাপাশি আনুষঙ্গিক অবকাঠামো তৈরির দিকেও গুরুত্ব দিতে হবে। পণ্য ও যাত্রীবাহী যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে বন্দরসুবিধা, সীমান্ত ব্যবস্থাপনা, সড়ক উন্নয়নসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে হবে। সড়ক, রেল, অভ্যন্তরীণ নৌপথ ও বন্দর—এসব অবকাঠামো উন্নয়নে বাংলাদেশের প্রায় ৮০০ কোটি ডলার প্রয়োজন। মাশুল, যৌথ বিনিয়োগ, সহজ শর্তে ঋণ থেকে এসব অর্থ আসতে পারে।
গতকাল শনিবার অনুষ্ঠিত বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সংলাপের মূল প্রবন্ধে এ কথা বলা হয়েছে।
বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে; সার্কের আওতায় এবং বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে—এই তিনটি যান চলাচল চুক্তি বাস্তবায়নের পথে রয়েছে। এর মধ্যে শেষের চুক্তিটি সম্প্রতি হয়েছে। বাকি দুটি এখনো খসড়া পর্যায়ে রয়েছে। সিপিডি বলছে, এই তিনটি চুক্তির মধ্যে বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে যান চলাচল চুক্তি থেকে তুলনামূলক বেশি সুবিধা পেতে পারে বাংলাদেশ। আর এই যান চলাচল চুক্তি বাস্তবায়নের আলোচনায় প্রাধান্য দিতে হবে মাশুল আদায় ও অবকাঠামো বিনিয়োগকে। এ জন্য দর-কষাকষিতে রাজনৈতিক নেতাদের প্রস্তুতি নিতে হবে।
রাজধানীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত এই সংলাপে সভাপতিত্ব করেন সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান। এতে বক্তব্য দেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরনসহ ব্যবসায়ী, গবেষক, কূটনীতিকেরা। সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
সড়কে যান চলাচলের জন্য সিপিডি আটটি পথের প্রস্তাব করেছে। এগুলো হলো: কলকাতা-পেট্রাপোল/ বেনাপোল-ঢাকা-আখাউড়া-আগরতলা; আগরতলা-আখাউড়া-চট্টগ্রাম; শিলচর-সুতারকান্দি-চট্টগ্রাম; কাঠমান্ডু (নেপাল)-কাকরভিটা/ ফুলবাড়ী-বাংলাবান্ধা-হাটিকুমরুল-মংলা; কাঠমান্ডু-কাকরভিটা/ ফুলবাড়ী-বাংলাবান্ধা-হাটিকুমরুল-চট্টগ্রাম; স্যামড্রুপ জংখার (ভুটান)-গুয়াহাটি-শিলং-তামাবিল-সিলেট-চট্টগ্রাম; থিম্পু (ভুটান)-ফুয়েন্টসিলিং-জয়গাঁও/ বুড়িমারী-হাটিকুমরুল-মংলা এবং থিম্পু (ভুটান)-ফুয়েন্টসিলিং-জয়গাঁও/বুড়িমারী-হাটিকুমরুল-চট্টগ্রাম।
সিপিডি বলছে, বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে যান চলাচল চুক্তির আকর্ষণীয় বিষয় হলো মাশুল। টোল, ওজন, প্রশাসনিক ব্যয়, জ্বালানি কর, সড়ক রক্ষণাবেক্ষণ ও অন্যান্য সেবার ওপর মাশুল আরোপের সুপারিশ করেছে সিপিডি। এ ধরনের মাশুল আরোপও অন্যতম চ্যালেঞ্জ বলে মনে করছে সিপিডি। এসব মাশুল নির্ধারণের সময় বেশ কিছু বিষয় বিবেচনা করার পরামর্শ দিয়েছে সিপিডি। এর মধ্যে অন্যতম হলো, যে পরিমাণ বিনিয়োগ করা হবে, তা কীভাবে উঠে আসবে। এ ছাড়া বন্দর ব্যবহার মাশুল, বিমা, পরিবেশদূষণের সারচার্জ, যানজটের ক্ষতি—এসব বিষয়ও মাশুল নির্ধারণের সময় বিবেচনা করার পরামর্শ দিয়েছে সিপিডি। সংস্থাটি আরও বলছে, প্রতি কিলোমিটার সড়ক আন্তর্জাতিক মানে উন্নীত করতে ২৫ থেকে ৩০ কোটি টাকা খরচ হবে।
সিপিডি মনে করে, এই চুক্তিটি বাস্তবায়িত হলে ট্রানজিট নেওয়া সংশ্লিষ্ট দেশগুলোর যে পরিমাণ আর্থিক সাশ্রয় হবে, তা থেকে ট্রানজিটদাতা দেশ কতটা সুবিধা পাবে, তা নির্ধারণও অন্যতম চ্যালেঞ্জ। উদাহরণ দিয়ে সিপিডি বলেছে, কলকাতা থেকে আগরতলায় যেতে ১ হাজার ৬৪৫ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। বাংলাদেশের মধ্য দিয়ে গেলে এর দূরত্ব হবে ৪০০ কিলোমিটার। এতে ৭৬ শতাংশ দূরত্ব কমবে। বাংলাদেশের মধ্য দিয়ে ট্রানজিট হলে রেলপথে প্রতি টন পণ্য পরিবহনে খরচ ৩০ ডলার থেকে কমে তা ১১ ডলারে নেমে আসবে। অন্যদিকে সড়কপথে এ খরচ প্রতি টনে ১৫০ ডলার থেকে ৫০ ডলারে নেমে আসবে।
সিপিডির মতে, পারস্পরিক সংযোগের (কানেকটিভিটি) জন্য একটি সমন্বিত কৌশল তৈরি করা উচিত; যার সঙ্গে বাংলাদেশের বিনিয়োগ কৌশলটি অন্তর্ভুক্ত থাকতে হবে। এ ছাড়া বাংলাদেশ, ভুটান ভারত ও নেপালের মধ্যে যান চলাচল চুক্তির আওতায় যে প্রটোকল, স্ট্যান্ডার্ড অব প্রসিডিউর (এসওপি) ও মাশুল আরোপ হবে, তা যেন সার্ক যান চলাচল চুক্তি এবং এমন ধরনের চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। অন্যদিকে চুক্তি ও প্রটোকলের বিস্তারিত তথ্য সর্বসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা উচিত।
আলোচনা: সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান বলেন, এই যান চলাচলে সংশ্লিষ্ট দেশের ব্যবসায়ীদের পরিবহন খাতে বিনিয়োগের সুযোগ বাড়বে। এটা হতে হবে উভয় পক্ষের লাভের ভিত্তিতে। তিনি মনে করেন, কুনমিং থেকে মিয়ানমার ও বাংলাদেশের মধ্য দিয়ে কলকাতা পর্যন্ত উচ্চগতিসম্পন্ন ট্রেন চালুর জন্য আলোচনা শুরু করেছে চীন। চীন ও ভারতের মতো বড় অর্থনীতির দেশের মধ্যে সংযোগের এ আলোচনায় ভৌগোলিকভাবে সুবিধাজনক স্থানে রয়েছে বাংলাদেশ।
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সম্প্রতি ভুটানে স্বাক্ষরিত যান চলাচল চুক্তির আওতায় ভবিষ্যতে পাকিস্তান ও শ্রীলঙ্কা সংযুক্ত হতে পারবে। আঞ্চলিক সংযোগ স্থাপনের ক্ষেত্রে বাংলাদেশের ঢাকা-চট্টগ্রাম চার লেনে উন্নীত করার মতো প্রকল্পগুলো কাজে লাগবে।
ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন বলেন, ‘পারস্পরিক সংযোগের ক্ষেত্রে জ্বালানি, পানি, ট্রানজিট ও বাণিজ্যকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এই চারটিই সংযোগকে টেকসই করবে। তবে ব্যবহারিক সড়ক যোগাযোগের বিষয়টি থিম্পু চুক্তির মাধ্যমে পেয়েছি।’ যখন মাশুল নিয়ে কথা হয়, তখন পারস্পরিক বাজার নিয়েও চিন্তাভাবনাও করা উচিত বলে তিনি মনে করেন। উদাহরণ দিয়ে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের নৌ-প্রটোকলের আওতায় চলাচলকারী ৯৫ শতাংশ নৌযানই বাংলাদেশের। আর ভারত ও বাংলাদেশের মধ্যেই ৯৮ শতাংশ পণ্য পরিবহন হয়। বাকি ১-২ শতাংশ পণ্য বাংলাদেশ হয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে যায়।
পঙ্কজ সরন জানান, প্রটোকলের আওতায় কলকাতা থেকে আসাম (পান্ডু) যেতে ৪০-৪৫ ঘণ্টা সময় লাগে। এ সময় নিউইয়র্ক থেকে সিঙ্গাপুরে পণ্য আনা যায়। তাই এই প্রটোকলের আওতায় নৌ-চলাচল আরও সহজ ও সময় সাশ্রয়ী করা উচিত।
যান চলাচলব্যবস্থা চালুর আলোচনায় তিনটি বিষয়কে প্রাধান্য দেওয়ার পরামর্শ দিয়েছেন সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। এগুলো হলো: যান চলাচলব্যবস্থা, মাশুল ও বিনিয়োগ। তিনি মনে করেন, এ জন্য দর-কষাকষিতে রাজনৈতিক নেতাদের প্রস্তুতি নিতে হবে। এ ছাড়া যান চলাচল, উপকূলঘেঁষা জাহাজ চলাচলের মতো বিভিন্ন ধরনের সংযোগব্যবস্থাগুলোকে সমন্বয় করার জন্য পৃথক মন্ত্রণালয় গঠনের পরামর্শ দেন তিনি।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মাতলুব আহমাদ বলেন, যানবাহনের ব্যবসার বিপুল সম্ভাবনা রয়েছে। এ জন্য যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠান হতে পারে।
নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠা বলেন, ভূমিকম্পের পর কোনো ঝামেলা ছাড়াই ত্রাণ হিসেবে ১০ হাজার টন চাল সড়কপথে ভারতের ওপর দিয়ে নেপালে গেছে। এ ধরনের অভিজ্ঞতা ট্রানজিটের ক্ষেত্রে কাজে লাগানো যেতে পারে। তিনি বলেন, মংলা বন্দর হলো নেপালের সবচেয়ে নিকটবর্তী সমুদ্রবন্দর। রেলপথ তৈরি হলে এই বন্দরটিকে আরও বেশি ব্যবহার করতে পারবে নেপাল।
এ ছাড়া বক্তব্য দেন সিপিডির বিশেষ ফেলো রওনক জাহান, সাবেক বাণিজ্যসচিব সোহেল আহমেদ চৌধুরী, ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান প্রমুখ।