অবকাঠামো খাতে গবেষণা করবে এফপিডি
অবকাঠামো খাতে গবেষণা ও উন্নয়নের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ফোরাম ফর ফিজিক্যাল ডেভেলপমেন্ট অব বাংলাদেশ (এফপিডি)। দেশের প্রথিতযশা প্রকৌশলী ও পরিকল্পনাবিদেরা এই প্লাটফর্মের আওতায় সমকালীন জরুরি বিষয় নিয়ে আলোচনা ও সমস্যা সমাধানে সুপারিশ করবেন। গতকাল ঢাকায় শেরাটন হোটেলে এই ফোরামটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান সময়ের আলোচিত বিভিন্ন বিষয় যেমন-ভূমিকম্প, অগ্নিকাণ্ড, অপরিকল্পিত নগরায়ণ, যানজট, বিদ্যুৎ-গ্যাস সংকট, অপরিকল্পিত শিল্পায়ন, কৃষিজমি হ্রাস, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিকেন্দ্রীকরণ, ছোট শহরগুলোর উন্নয়ন ইত্যাদি বিষয় নিয়ে কারিগরি গবেষণা করে বাস্তবসম্মত সুপারিশ করবে এফপিডি। বাংলাদেশের রেলওয়ে সেক্টর খুবই সম্ভাবনাময়। কিন্তু রেলওয়ের সমস্যাগুলোর সমাধান কীভাবে করা সম্ভব, তা নিয়ে কোনো গবেষণা হয়নি। একইভাবে ঢাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আন্ডারগ্রাউন্ড মেট্রো, এলিভেটেড এক্সপ্রেসওয়ে/বাস র্যাপিড ট্রানজিট—কোনটি কার্যকর হবে, তা নিয়ে বিরোধের নিষ্পত্তি হয়নি। এফপিডি এসব বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা দেবে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সদস্য ও চেয়ারম্যান তৌফিক এম সেরাজ, নির্বাহী পরিচালক কাজী আনিসুদ্দীন ইকবাল, সদস্যসচিব মাহমুদুল হাসান, পরিচালক তানভিরুল হক প্রবাল, পরিচালক কুতুবুদ্দিন আহমেদ, পরিচালক রবিউল আলম ও পরিচালক চৌধুরী জামাল আশরাফ।