অবকাঠামোগত সুবিধা ছাড়াই চলছে মহানগর আদালত
অবকাঠামোগত সুযোগ-সুবিধা ছাড়াই ১৪ বছর ধরে চলছে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের কার্যক্রম। ১৯৯৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আদালত ভবন উদ্বোধন করেন। তখন থেকেই ভবনটি ঢাকার জেলা ও দায়রা জজের নিয়ন্ত্রণে ছিল। ২০০৯ সালে মহানগর দায়রা জজ আদালতের সুবিধা বাড়াতে বিচারকের এজলাস, খাস কামরা ও অফিস-সংকট নিরসনে বর্তমান আদালত ভবনটি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। তিন বছর পেরিয়ে গেলেও ঢাকার জেলা ও দায়রা জজ আদালত থেকে ভবনটির প্রশাসনিক নিয়ন্ত্রণ বুঝিয়ে দেওয়া হয়নি। এর ফলে উভয় আদালতের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। ২০০৯ সালের ২৮ এপ্রিল আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক সভায় ঢাকা জেলা জজ আদালতের দক্ষিণের ছয় তলা ভবনটির প্রশাসনিক নিয়ন্ত্রণ মহানগর দায়রা জজ আদালতের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ কিউ এম নাছির উদ্দীন ২০০৯ সালের ১৩ মে ঢাকার জেলা ও জজকে এ-সংক্রান্ত একটি চিঠি দেন। এর পরও তা হস্তান্তরের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সম্প্রতি ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতের বর্ধিত ছয় তলার উদ্বোধন অনুষ্ঠানে আইনমন্ত্রী, আইন প্রতিমন্ত্রী ও আইনসচিবের উপস্থিতিতে ঢাকার জেলা জজ মো. আবদুল মজিদ শিগগিরই মহানগর দায়রা জজ আদালত ভবন বুঝিয়ে দেওয়ার ঘোষণা দেন। মাস পেরিয়ে গেলেও তা করা হয়নি। অনুসন্ধানে দেখা যায়, মহানগর দায়রা জজ আদালত ভবনের নিচতলার সব কটি কক্ষ জেলা জজ আদালতের নিয়ন্ত্রণে। এসব কক্ষে একাধিক আদালতের এজলাস, সেরেস্তা, হিসাব ও অনুলিপি শাখা ও জিপি কার্যালয় রয়েছে। আরও রয়েছে জেলা জজ আদালতের স্ট্যাম্প ভেন্ডারদের বসার স্থান ও হিসাব শাখা। এ ছাড়া মিতালী নামের একটি ক্যানটিন ও একটি স্টেশনারি দোকান রয়েছে। এসব হোটেল ও দোকানের ভাড়া উত্তোলন করেন জেলা জজ আদালত। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা এসব নিয়ন্ত্রণ করে থাকেন। ঢাকার জেলা জজ আদালতের ১২ তলা ভবনে রয়েছে একটি ক্যানটিন। মহানগর দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ শাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, অবকাঠামোগত সুযোগ-সুবিধা ছাড়াই মহানগর দায়রা জজ আদালতের কাজ চলছে। নাজির ওবাইদুল করিম আকন্দ বলেন, বই সংরক্ষণের জন্য লাইব্রেরি, কর্মকর্তাদের জন্য ক্যানটিন, মামলার নথি সংরক্ষণের জন্য কক্ষ (মহাফেজখানা) ও ভেন্ডারদের বসার জায়গা নেই। এক কোনায় ছোট্ট একটি কক্ষে অনুলিপি বিভাগের কাজ চলছে। এসব অবকাঠামোগত সুবিধা ছাড়াই আদালতের কাজ চলছে। আইনজীবীরা জানান, মহানগর দায়রা জজ আদালত ভবনের প্রশাসনিক নিয়ন্ত্রণ এবং কক্ষগুলো ছেড়ে দিলে এজলাস, বিচারকদের খাসকামরা, মহাফেজখানা, অনুলিপি শাখার জায়গার সংকট দূর হবে।নির্দিষ্টসংখ্যক এজলাস না থাকায় বিচারককে সময় ভাগ করে বিচারকাজ পরিচালনা করতে হচ্ছে। এর ফলে বাড়ছে মামলাজট এবং ভোগান্তির শিকার হচ্ছেন বিচারপ্রার্থীরা। আদালতের নিরাপত্তার জন্য রয়েছে দৈনিক ৮০ টাকা মজুরিভিত্তিক চারজন কর্মচারী। তবে বর্তমানে আউট সোর্সিং পদ্ধতিতে লোক নিয়োগ দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আদালত সূত্র জানায়, মহানগর দায়রা জজ আদালত ভবনে লাইব্রেরি, স্টেশনারি ও মহাফেজখানাসহ বিভিন্ন পদে লোক নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সিদ্ধান্তও নিয়েছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, এসব অবকাঠামোগত কোনো সুবিধাই এখানে নেই। ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন প্রথম আলোকে বলেন, সুষ্ঠু বিচারব্যবস্থার অন্যতম শর্ত হচ্ছে আদালতের সুন্দর পরিবেশ। আদালতের কক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য নেই ঝাড়ুদার। বিচারকদের জন্য স্বতন্ত্র গ্রন্থাগার নেই। অনুলিপি শাখার জন্য পর্যাপ্ত জায়গা নেই। নেই পর্যাপ্তসংখ্যক লোকবল। জেলা জজ আদালতের নিয়ন্ত্রণে থাকা কক্ষগুলো ছেড়ে দিলে অনেক সমস্যা মিটে যাবে।