অবকাঠামোর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে
নগর-পরিকল্পনাবিদেরা বলেছেন, স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও টেকসই উন্নয়নের জন্য শহরগুলোতে অবকাঠামো ও গৃহায়ণ অত্যন্ত সম্পর্কিত। তবে শুধু অবকাঠামো করলেই হবে না, অবকাঠামোর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের গৃহায়ণে নীতিগতভাবে মনোযোগ দিতে হবে।
রাজধানীর বাংলামোটরের বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) মিলনায়তনে গতকাল রোববার সকালে এক মতবিনিময় সভায় এ কথা বলা হয়। বিআইপি ‘নগরের অবকাঠামো এবং গৃহায়ণ’ শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, সরকার শুধু অবকাঠামো তৈরি বা বাজেট নিয়েই সতর্ক থাকে। তবে এগুলো ব্যবহারের প্রটোকলে সতর্ক থাকে না। শুধু অবকাঠামো করলেই হবে না। অবকাঠামো তৈরি করে তার সঠিক ব্যবহার করতে হবে। তিনি আরও বলেন, ঢাকা-চট্টগ্রাম চার লেনের মহাসড়ক করা হয়েছে। কর্ণফুলী সেতু আছে, কিন্তু এই মহাসড়কে যেতে গড় সময় কমেনি বরং আরও বেড়েছে। কারণ, সড়কের পাশে ব্যবসা-বাণিজ্য থাকায় মহাসড়ক ঠিকমতো নিয়ন্ত্রণ করা যায় না। এটাই সবচেয়ে বড় দুর্বলতা। নগর-পরিকল্পনায় কোনো সমন্বিত প্রক্রিয়া নেই উল্লেখ করে বিআইপি সভাপতি অধ্যাপক এ কে এম আবুল কালাম বলেন, দেশের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের শহরগুলোর জন্য নেই কোনো মহাপরিকল্পনা। শহরের দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের গৃহায়ণে নীতিগতভাবে কম মনোযোগ দেওয়া হয়।
নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক খুরশীদ জাবিন হোসেন বলেন, সরকার মাস্টারপ্ল্যান করছে। সরকার চট্টগ্রামকে বাণিজ্যিক কেন্দ্র করার চেষ্টা করছে। পদ্মা সেতু করছে, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রসহ যোগাযোগের জন্য অনেক বড় প্রকল্প নিয়েছে। আগামী পাঁচ বছর পর একটা ভালো পরিবর্তন আসবে।