অবরোধের মুখে শাহবাগে ফুট ওভারব্রিজ নির্মাণের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অবরোধের মুখে সরকার শাহবাগ মোড়ে আন্ডারপাস বা ফুট ওভারব্রিজ নির্মাণের ঘোষণা দিয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক গতকাল রোববার এই ঘোষণা দেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনও গতকাল সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।গত ২৮ আগস্ট রাজধানীর শাহবাগ মোড়ে রাজধানী এক্সপ্রেসের একটি গাড়ির ধাক্কায় আহত হন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের মেধাবী ছাত্র তৌহিদুজ্জামান। পরে একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা নিহত তৌহিদুজ্জামানের পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ, শাহবাগ মোড়ে আন্ডারপাস বা ফুট ওভারব্রিজ নির্মাণসহ পাঁচ দফা দাবিতে গতকাল অবরোধ কর্মসূচি পালন করেন।অবরোধ চলাকালে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কিছু নেতা-কর্মী আন্দোলনকারীদের মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাঁরা সাধারণ শিক্ষার্থীদের হাত থেকে জোর করে প্ল্যাকার্ড ছিনিয়ে নেন এবং হল থেকে বের করে দেওয়ার হুমকি দেন।প্রায় দুই ঘণ্টা অবরোধ কর্মসূচি চলাকালে শাহবাগ মোড় ও সংলগ্ন এলাকায় যানবাহন চলাচল বন্ধ করে দেয় পুলিশ। এর প্রভাবে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে সৃষ্টি হয় প্রচণ্ড যানজট।দুপুর পৌনে ১২টায় শাহবাগ মোড় অবরোধ করে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেন তাঁর সহপাঠীরা। বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল বাম ছাত্র সংগঠনগুলোর নেতা-কর্মীরা কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে অবস্থান নেন। এ সময় তৌহিদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া ছাড়াও রাজধানী এক্সপ্রেস বাস কর্তৃপক্ষ ও চালকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের ভেতরে স্টিকারবিহীন গাড়ি চলাচলের ওপর নিষেধাজ্ঞা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কাছে দ্রুত স্মারকলিপি দেওয়ার দাবি জানানো হয়। দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতাদের নিয়ে শাহবাগ মোড়ে আসেন। প্রক্টর শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করেন।অবরোধকারীরা প্রক্টরের কাছে জানতে চান, ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি কেন এসেছেন? জবাবে প্রক্টর একাই এসেছেন বলে দাবি করেন।শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রক্টর যখন আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছিলেন, তখন ছাত্রলীগের কিছু নেতা-কর্মী চড়াও হন অবরোধকারীদের ওপর। তাঁরা এক পাশ থেকে প্রথমে মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এরপর অবরোধকারী কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেন।এ প্রসঙ্গে জানতে চাইলে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের নেতারা যানজট এড়াতে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন, কিন্তু কাউকে মারধর করা হয়নি।এদিকে গতকাল রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানীর শাহবাগ মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সর্বসাধারণের নিরাপদে ও নির্বিঘ্নে রাস্তা পারাপারের সুবিধার্থে একটি ফুট ওভারব্রিজ নির্মাণ করা হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতানুল ইসলামও ঘটনাস্থলে গিয়ে ১৫ দিনের মধ্যে নির্মাণকাজ শুরুর কথা জানান। আগামী তিন মাসের মধ্যে নির্মাণকাজ শেষ হবে বলেও জানান তিনি। এই ঘোষণার পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। এ ছাড়া, গতকালই স্থানীয় সরকারমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে পরামর্শ করে শিগগির শাহবাগ এলাকায় আন্ডারপাস বা ফুট ওভারব্রিজ নির্মাণ করা হবে।