অবশিষ্ট ঝুলন্ত তার নামানো হবে শুক্র ও শনিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরা-শাহবাগ রুটের অবশিষ্ট ঝুলন্ত তার অপসারণ করা হবে শুক্র ও শনিবার। এ বিষয়ে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সঙ্গে আলোচনা করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)।গতকাল মঙ্গলবার ডিপিডিসি ও ডেসকোর সঙ্গে আইএসপিএবির পৃথক দুটি অনানুষ্ঠানিক বৈঠক শেষে এ তথ্য জানা গেছে। শুক্র-শনিবার ছুটির দিন হওয়ায় এ দুটি দিন নির্ধারণ করা হয় বলে জানিয়েছে বৈঠক সূত্র।জানা গেছে, আগামী শুক্রবার ডিপিডিসির একটি দল জাহাঙ্গীর গেট থেকে প্রতি দুই কিলোমিটার পর পর ঝুলন্ত তার কেটে রাস্তায় ফেলে দেবে। আর শনিবার একই স্থানে রাস্তার অন্য পাশের তার কাটবে তারা। অন্যদিকে ডেসকো শুক্রবার মহাখালীর জল খাবারের সামনে থেকে তার কেটে দেবে। এরপর গুলশান-১, বনানী-কাকলী, কুড়িল বিশ্বরোড, খিলক্ষেত ওভারব্রিজের পূর্ব পাশ, এয়ারপোর্টের সামনে এবং উত্তরার জসীমউদ্দীন রোডের পূর্ব মাথার ওপরের ঝুলন্ত তার কেটে ফেলবে। প্রসঙ্গত, উত্তরা-শাহবাগ রুটের সব ধরনের ঝুলন্ত তার সরিয়ে ভূগর্ভস্থ বিতরণ লাইন স্থাপনের শেষ সময় ছিল গত ৩০ নভেম্বর। আইএসপিএবির সভাপতি আখতারুজ্জামান মঞ্জু প্রথম আলোকে বলেন, উত্তরা-শাহবাগ রুটের সব প্রধান সড়কের অধিকাংশ ঝুলন্ত তার ইতিমধ্যে মাটির নিচে চলে গেছে। এ ছাড়া যারা এখনো মাটির নিচে তাদের সংযোগ তার নামায়নি, তাদেরও সংগঠনের পক্ষ থেকে তার নামিয়ে ফেলার অনুরোধ জানানো হয়েছে। তিনি জানান, গত রোববার কারওয়ান বাজারে আনুষ্ঠানিকভাবে তার কাটার সময় অসাবধানতাবশত, সংশ্লিষ্ট এলাকার প্রায় ১৫ শতাংশ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্র-শনিবার যেন ওই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে তার কাটা দলগুলোকে সর্তক হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।ডেসকো বৈঠক সূত্র জানিয়েছে, ডেসকোর তার অপসারণকারী দল সরাসরি তার কাটবে না। শুধু এয়ারপোর্টের পূর্ব পাশে, জসীমউদ্দীন রোডের পূর্ব মাথায় তার কাটা হবে। আর বাকি জায়গায় বিদ্যুতের খুঁটি থেকে তারের গোছা মাটিতে ফেলে দেওয়া হবে। অবশ্য কুড়িল বিশ্বরোডের ঝুলন্ত তার গত অক্টোবর মাসেই রাস্তায় ফেলে দেওয়া হয়।নাম প্রকাশে অনিচ্ছুক আইএসপিএবির এক সদস্য জানান, শুধু প্রধান রাস্তার তার কাটলে সমস্যা হবে না। কিন্তু শাখা রাস্তার কোনো তার কাটা পড়লে বিমানবন্দর থেকে শুরু করে উত্তরা-বনানী-গুলশানের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান বিপাকে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এদিকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, কারওয়ান বাজার এলাকায় ১২ ডিসেম্বর তার কাটার সময় অসাবধানতাবশত কেটে যাওয়া তারের অধিকাংশ ইতিমধ্যে ঠিক করা হয়েছে।