অবশেষে ঝুঁকিপূর্ণ তারের জঞ্জালমুক্ত হচ্ছে রাজধানী
অবশেষে ঝুঁকিপূর্ণ ঝুলন্ত তারের জঞ্জাল থেকে মুক্ত করা হচ্ছে রাজধানীকে। রাস্তার পাশে ঝুঁকিপূর্ণভাবে বিভিন্ন কেব্ল টিভি অপারেটর ও ইন্টারনেট সেবাদাতা (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার—আইএসপি) প্রতিষ্ঠানের ঝুলন্ত তার ভূ-গর্ভস্থ বিতরণ লাইন ব্যবস্থার আওতায় আনতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান জিয়া আহমেদ প্রথম আলোকে এ তথ্য জানান। জিয়া আহমেদ জানান, প্রতিটি রাস্তায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে কেব্ল টিভি ও ইন্টারনেটের হাজারো তার ঝুলছে। অধিকাংশ সময় দেখা যায়, এক প্রতিষ্ঠানের লোকজন নিজেদের ত্রুটিপূর্ণ কেব্ল মেরামত করতে গিয়ে অন্যদের কেব্ল কেটে ফেলছেন। এ নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে নালিশও যায়। তিনি বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর এভাবে বৈদ্যুতিক খুঁটির ওপর নিজেদের কেব্ল ঝুলিয়ে রাখার কোনো অনুমতিই নেই। এতে বৈদ্যুতিক খুঁটিগুলোও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।জানা গেছে, ১৪ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিদ্যুৎ বিভাগের সচিব আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ২১ মার্চ বিটিআরসি, ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি, কেব্ল অপারেটরদের সংগঠন কোয়াব ও ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক এনটিটিএনের লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষের সঙ্গে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়। এসব সভায় ঢাকা মহানগর থেকে বৈদ্যুতিক তার বাদে সব ধরনের তার খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়। বিটিআরসির চেয়ারম্যান জানান, রাজধানীকে তারের জঞ্জালমুক্ত করতে কমিশনের লাইসেন্সপ্রাপ্ত ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ও এনটিটিএন অপারেটর এবং কোয়াব সদস্যদের মুখ্য ভূমিকা রয়েছে বলে ওই দুটি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চেয়ারম্যান আরও জানান, বিটিআরসি কমিশনার আলিবর্দী খন্দকারের সঞ্চালনায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাভুক্ত বিভিন্ন সংস্থা, ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), তিতাস গ্যাস, ওয়াসাসহ বিভিন্ন সেবা সংস্থা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সম্প্রতি কমিশনের আরও একটি বৈঠকে একই সিদ্ধান্ত নেওয়া হয়।জিয়া আহমেদ বলেন, বিটিআরসির লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে দ্রুত রাজধানীর সব জায়গা থেকে নিজেদের কেব্ল সরিয়ে নেওয়ার যাবতীয় প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। পরে সরকারিভাবে সংশ্লিষ্ট অপারেটরদের পর্যায়ক্রমে ভূ-গর্ভস্থ বিতরণ ব্যবস্থার মাধ্যমে নিজেদের সেবা চালুর বিষয়ে একটি সময় নির্ধারণ করে দেওয়া হবে বলে তিনি জানান। কানেক্ট বিডির ব্যবস্থাপনা পরিচালক ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) কোষাধ্যক্ষ খোন্দকার এ আল আজাদ বলেন, ‘এক দিনে বা এক মাসে এসব তার সরানো যাবে না। ডিসিসি ভূ-গর্ভস্থ বিতরণব্যবস্থার সুবিধা করে দিলে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান সেভাবেই নিজেদের সেবা বিতরণব্যবস্থায় যাবে। প্রয়োজনে সরকারকে আমরা ভাড়া পরিশোধ করব।’